মালয়েশিয়ার বিপক্ষে উড়ে গেল আশরাফুলরা
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টানা তিন ম্যাচ হারল পিটার গেরহার্ডের দল।
প্রথম কোয়ার্টারের শেষ দিকে পিছিয়ে পড়ার পর, তেমন কোনো প্রতিরোধই গড়তে পারলেন না আশরাফুল-আমিরুলরা। একের পর এক গোল করল মালয়েশিয়া। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টানা তৃতীয় হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ।
ভারতের পাঞ্জাবে শুক্রবার রাউন্ড রবিন লিগের ম্যাচে ৬-১ গোলে হেরেছে পিটার গেরহার্ডের দল।
স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩-০ ব্যবধানে হেরে আসর শুরুর পর, জাপানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
জাপানের বিপক্ষে লড়াই করার মানসিকতা মালয়েশিয়া ম্যাচে টেনে আনতে পারেননি রাকিন-রাকিবুলরা। চতুদর্শ ও ২৩তম মিনিটের গোলে আবু কামাল আরজি মালয়েশিয়াকে বসিয়ে দেন চালকের আসনে।
একটু পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান আমিরুল ইসলাম। ম্যাচে বাংলাদেশের উল্লেখ করার মুহূর্ত বলতে এতটুকুই। এরপর আরও চার গোল হজম করে তারা।
পরের ম্যাচে রোববার বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। সবশেষ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে তাদের কাছে ৫-০ গোলে হেরেছিলেন জিমি-আশরাফুলরা।
এর আগে সবশেষ ২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ঢাকায় সেই আসরে পঞ্চম হয়েছিল তারা। দুই আসর পর ফের এবার এই আঙিনায় পা পড়েছে তাদের।
