জাপানের বিপক্ষে এবার লড়াই করে হারল বাংলাদেশ
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানের বিপক্ষে তৃতীয় কোয়ার্টারে গোল হজম করে পিটার গেরহার্ডের দল।
রক্ষণের দৃঢ়তায় শুরুর দুই কোয়ার্টার পোস্ট আগলে রাখল বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে পিছিয়ে পড়ল তারা। এই গোল আর শোধ করতে পারল না দল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানের বিপক্ষে হারল আশরাফুল-রোমানরা।
পাঞ্জাবে বৃহস্পতিবার রাউন্ড রবিন লিগের ম্যাচে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ৪০তম মিনিটে রাইকি ফুজিসিমার পেনাল্টি কর্নার থেকে করা গোলটি গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।
টানা দুই ম্যাচ হারল বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩-০ ব্যবধানে হেরে আসর শুরু করে তারা।
টানা হারের মাঝেও বাংলাদেশের জন্য একটু স্বস্তির বিষয় হলো, জাপানের বিপক্ষে এবার অন্তত হারের ব্যবধান বড় হয়নি। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আগের দেখায় তাদের বিপক্ষে ৬-১ গোলে হেরেছিলেন জিমিরা।
এ ম্যাচেই রাসেল মাহমুদ জিমি ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন। ম্যাচ শুরুর আগে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।
২০২১ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ঢাকায় সেই আসরে পঞ্চম হয়েছিল তারা। দুই আসর পর আবার এই আঙিনায় পা পড়েছে বাংলাদেশ দলের।
নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
