০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এশিয়ান গেমসের তিক্ত স্মৃতিই ফিরল পাঞ্জাবে

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টানা চার ম্যাচ হারল পিটার গেরহার্ডের দল।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এশিয়ান গেমসের তিক্ত স্মৃতিই ফিরল পাঞ্জাবে

টানা চার ম্যাচে হারের তেতো স্বাদ পেলেন জিমি-আশরাফুলরা। ছবি: বাহফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 05:37 PM

Updated : 01 Nov 2026, 05:37 PM

প্রায় দেড় মাসের ব্যবধানে ফের দেখা দক্ষিণ কোরিয়ার সাথে। এবারও জিমি-আশরাফুলরা পারলেন না লড়াই করতে। আইচি-নাগোয়া এশিয়ান গেমসের সেই হারের স্মৃতিই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে এলো বাংলাদেশের জন্য।

ভারতের পাঞ্জাবে শুক্রবার রাউন্ড রবিন লিগের ম্যাচে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এশিয়ান গেমসেও একই ব্যবধানে হেরেছিলেন জিমিরা।

এ নিয়ে টানা চার ম্যাচে হারল পিটার গেরহার্ডের দল। স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩-০ ব্যবধানে হেরে আসর শুরুর পর, জাপানের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার বিপক্ষে হারে ৬-১ ব্যবধানে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবারও কোনোরকম প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের মাঝামাঝি পার্ক গুয়েন উ পেনাল্টি কর্নার (পিসি) থেকে লক্ষ্যভেদ করলে পিছিয়ে পড়ে দল। দ্বিতীয় কোয়ার্টারের ব্যবধান দ্বিগুণ হয় সন দাইয়ানের ফিল্ড গোলে।

তৃতীয় কোয়ার্টারে দুটি এবং চতুর্থ কোয়ার্টারে আরেকটি গোল হজম করে বাংলাদেশ।

এই হারে সেমি-ফাইনালে খেলার ন্যূনতম আশাও শেষ হয়ে গেল বাংলাদেশের। পয়েন্ট টেবিলে তলানিতে থাকা জিমিরা রাউন্ড রবিন লিগে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে সোমবার মুখোমুখি হবে চীনের। এখন পর্যন্ত টানা তিন ম্যাচ হেরে পয়েন্টের খাতায় আচঁড় ফেলতে পারেনি চীনও।

২০২১ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ঢাকায় হওয়া সেই আসরে পঞ্চম হয়েছিল দল। দুই আসর পর ফের এবার এই আঙিনায় পা পড়েছে দলের।