ভিনিসিউসের জায়গায় থাকলে ‘রেয়াল মাদ্রিদ ছেড়ে যেতেন’ মরিনিয়ো
‘ক্লাবের প্রতি ভালোবাসার কারণেই সে এখানে রয়ে গেছে’, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মানসিক দৃঢ়তার প্রশংসা করে বললেন রেয়াল মাদ্রিদ কোচ।
রেয়াল মাদ্রিদে মাঠের ভেতরে ও বাইরে সময় একদমই ভালো কাটছে না ভিনিসিউস জুনিয়রের। নানা প্রতিকূলতার মধ্যেও এই ক্লাবে থেকে যাওয়ায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন জুজে মরিনিয়ো। রেয়াল মাদ্রিদ কোচের মতে, তিনি এই খেলোয়াড়ের জায়গায় থাকলে অন্য কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করতেন, যেখানে যথাযথ সম্মান পাওয়া যায়।
চলতি মৌসুমে রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ খেলে কেবল একটি গোল করতে পেরেছেন ভিনিসিউস, অবদান রেখেছেন তিনটি গোলে।
লা লিগায় সবশেষ ম্যাচে ভিয়ারেয়ালের খেলোয়াড়ের চুল টেনে ধরে লাল কার্ড দেখেন তিনি। পরে তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি।
গত বুধবার ওই শাস্তি ঘোষণার কয়েক ঘন্টা পর মাঠে নেমে চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে দলের ৪-৩ গোলে জয় পাওয়া ম্যাচেও নিষ্প্রভ ছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ মরিনিয়ো। এতে কিছুটা ক্ষুব্ধও দেখা যায় ২৬ বছর বয়সি তারকাকে।
২০১৮ সালে রেয়ালে যোগ দেওয়ার পর থেকে নানা সময় প্রতিপক্ষের সমর্থকদের বর্ণবাদী আক্রমণের শিকার হতে হয়েছে তাকে। নিজ দলের সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে অনেক সময়ে।
কঠিন সময়ে ভিনিসিউসের পাশে দাঁড়ালেন মরিনিয়ো। তাকে কীভাবে সামলান, এমন প্রশ্নে শনিবার সংবাদ সম্মেলনে এই খেলোয়াড়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন পর্তুগিজ কোচ।
“সে চমৎকার একজন মানুষ, তার সঙ্গে মানিয়ে নেওয়া খুব সহজ। আমি প্রতিদিন তার সঙ্গে কিছুক্ষণ একান্তে সময় কাটাই। তাকে খুব গুরুত্ব দিই, কারণ সব প্রতিকূলতার মধ্যেও সে মুখে হাসি ফুটিয়ে টিকে থাকতে জানে। আমি যদি তার জায়গায় থাকতাম, তাহলে হয়তো আজ এখানে থাকতাম না। আমি হয়তো এমন কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করতাম, যেখানে আমাকে যথাযথ সম্মান দেওয়া হতো।
“কিন্তু রেয়াল মাদ্রিদের প্রতি নিবেদন এবং ক্লাবের প্রতি ভালোবাসার কারণে সে এখানেই রয়ে গেছে। সে বিশ্বাস করে, পরিস্থিতির উন্নতি হবে, আর তার মুখে সেই হাসি এখনও অটুট। কোনো কিছুই বা কেউই তার এই হাসি কেড়ে নিতে পারবে না।”
গত গ্রীষ্মের দলবদলে ভিনিসিউসের রেয়াল ছাড়ার গুঞ্জন বেশ জোরাল হয়েছিল। তবে শেষ পর্যন্ত এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে চুক্তি নবায়ন করেন তিনি। সেই প্রসঙ্গেও টেনে আনলেন মরিনিয়ো।
“যখন সে এখানে চুক্তি নবায়ন করল, তখন সে মেনে নিল যে, মাদ্রিদই তার ঘর। সে এখানে আরও ইতিহাস গড়তে এবং শিরোপা জিততে উন্মুখ। ড্রেসিং রুমে সবার সঙ্গেই তার সম্পর্ক খুব ভালো; সে যেন আনন্দের এক উৎস। তার কাছে আসা নানা প্রস্তাবের কথা বিবেচনা করলে, সে যে এখনও এখানে টিকে থাকার মতো মানসিক শক্তি রাখে, তা সত্যিই বিস্ময়কর।”
ভিনিসিউসকে ছাড়া লা লিগায় রোববার সেভিয়ার মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
