চেক প্রতারণা: চট্টগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চেক প্রতারণা মামলায় নগর বিএনপি’র সহ-সভাপতি ও শিল্পগোষ্ঠী এমইবি গ্রুপের চেয়ারম্যান শামসুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত।
বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালত ৭৮ কোটি ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এ আদেশ দেয়।
অগ্রণী ব্যাংক আগ্রাবাদ শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমইবি গ্রুপের চেয়ারম্যান হিসেবে পণ্য আমদানির জন্য ২০১০ সালের বিভিন্ন সময়ে শামসুল আলম মোট ৭৮ কোটি ৯২ লাখ টাকা ব্যাংকের কাছ থেকে ঋণ নেন।
ওই বছরই ঋণ পরিশোধের জন্য তিনি চারটি চেক জমা দেন। কিন্তু চেকগুলো সংশ্লিষ্ট ব্যাংক থেকে ফেরত আসায় ব্যাংকের পক্ষ থেকে ২০১২ সালের ৪ এপ্রিল মামলাটি করা হয়।’
অগ্রণী ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা।
