অঁদ্রে মালরো স্মরণে ঢাকায় ফরাসি সপ্তাহ শুরু শনিবার
“ফরাসি সংস্কৃতি অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া গুরুত্বপূর্ণ,” বলেন রাষ্ট্রদূত সেরে-শার্লে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু, ফরাসি ঔপন্যাসিক অঁদ্রে মালরোর প্রয়াণের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে তার স্মরণে ঢাকায় ফরাসি সপ্তাহ উদযাপন শুরু হচ্ছে শনিবার।
মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ২১ থেকে ২৯ নভেম্বর এই ঘোষণা দেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।
অঁদ্রে মালরোকে স্মরণের পাশাপাশি ফরাসি সংস্কৃতিকে বাংলাদেশিদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াটাকে এই সপ্তাহের উদযাপনের উদ্দেশ্য হিসেবে বর্ণনা করেন তিনি।
ফ্রান্সের নন্দিত সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অঁদ্রে মালরো একাত্তরে স্বাধীনতা আন্দোলনের পক্ষে বৈশ্বিক জনমত তৈরিতে সরব ভূমিকায় ছিলেন। এটি বাংলাদেশ-ফ্রান্সের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায়।
১৯৭৩ সালের এপ্রিলে বাংলাদেশ সফরে আসেন অঁদ্রে মালরো। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম ও কাপ্তাইয়ে যান তিনি। ওই সময় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়।
তার তিন বছর পর ১৯৭৬ সালের ২৩ নভেম্বর ফরাসি এই সাহিত্যিকের প্রয়াণ ঘটে।
রাষ্ট্রদূত সেরে-শার্লে বলেন, “ফ্রান্স ও বাংলাদেশ ঘনিষ্ঠ অংশীদার। আপনারা জানেন, আমাদের সম্পর্ক সমৃদ্ধ ও দীর্ঘদিনের। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে ফ্রান্স।
“অঁদ্রে মালরোর অঙ্গীকারের মধ্যে নিহিত এই সমর্থন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধে নামার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মালরোর প্রয়াণের ৫০ম বার্ষিকীর এই সময়ে তিনি যে পদচিহ্ন রেখে গেছেন, সেটাকে স্মরণ করা হচ্ছে।”
শোষিত মানুষের পক্ষে অবস্থানের পাশাপাশি ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী হিসাবে ১৯৫৯ সালে অঁদ্রে মালরো দায়িত্ব নেওয়ার কথা স্মরণ করেন রাষ্ট্রদূত।
তিনি বলেন, “ফরাসি সংস্কৃতির উদযাপন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একইসঙ্গে, সেই সংস্কৃতি অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াটাও গুরুত্বপূর্ণ।”
ঢাকায় ফ্রান্সের দূতাবাস বলেছে, ওই সপ্তাহজুড়ে ঢাকার বিভিন্ন ভেন্যুতে ফরাসি সংস্কৃতি, শিল্প, রন্ধনশিল্প এবং ইতিহাস নিয়ে বিভিন্ন আয়োজন থাকবে।
এ আয়োজনে মুক্তিযুদ্ধ জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ, আর্টিস্ট ক্লাব লিমিটেড এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালকে সঙ্গী হিসেবে নিয়েছে ফ্রান্স দূতাবাস।
অনুষ্ঠানে জানানো হয়, অঁদ্রে মালরোর অবদান ও বাংলাদেশের প্রতি তার সংহতির স্মরণে মুক্তিযুদ্ধে ‘অঁদ্রে মালরো মেমোরি ওয়াল’ নামে প্রদর্শনী হবে মুক্তিযুদ্ধ জাদুঘরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় উদযাপনের অংশ হিসেবে আর্টিস্ট ক্লাবের যৌথ উদ্যোগে ২১ নভেম্বর সন্ধ্যায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অপেরা পরিবেশনার আয়োজন করা হবে। পরিবেশনার জন্য ঢাকায় এসেছেন ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পাঁ এবং পিয়ানো বাদক ফ্যাব্রিস মেৎখ।
ফরাসি সপ্তাহ উপলক্ষে বাংলাদেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসবের আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ। ২০ থেকে ২৪ নভেম্বর ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিয়ায় হবে এই উৎসব।
ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভাঁসঁ মুনের পরিচালনায় চলচ্চিত্র নির্মাণ একটি কর্মশালার আয়োজন করা হবে আলিয়ঁস ফ্রঁসেজে।
ফরাসি রন্ধনশিল্পের উদযাপনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে ‘ফ্রেন্স কুইজিন ফেস্টিভ্যাল’। সেখানে খাবার-দাবার তৈরির পাশাপাশি ক্লাস নেবেন ফরাসি শেফ প্যাতরিক কেনে।
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রঁসোয়া চোমব্রো, আর্টিস্ট ক্লাবের নির্বাহী সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, হোটেল ইন্টারকন্টিনেন্টালের পরিচালক (অপারেশন, ফুড অ্যান্ড বেভারেজ) ওলিভিয়ে লোরো বক্তব্য দেন।
