রাতের আকাশে উল্কাবৃষ্টির ঝলক যেভাবে উপভোগ করবেন
প্রতি বছর পৃথিবী এক ধূমকেতুর রেখে যাওয়া ধ্বংসাবশেষের মেঘের মধ্য দিয়ে যাওয়ার সময় লিওনিড উল্কাবৃষ্টি ঘটে। এ উল্কাবৃষ্টি বাংলাদেশ থেকেও দেখা যাবে।
পৃথিবীজুড়ে দৃশ্যমান হতে যাচ্ছে বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা উল্কাবৃষ্টি। দ্রুত বেগে ছুটে চলা এসব উল্কা রাতের আকাশকে নীল ও সবুজ আভার দীর্ঘ রেখায় আলোকিত করে তুলবে।
কোনো ধরনের বিশেষ যন্ত্রপাতি বা টেলিস্কোপ ছাড়াই খালি চোখে দেখা যাবে এই উল্কাবৃষ্টি। খুব দ্রুতগামী ও উজ্জ্বল উল্কাবৃষ্টির এই মহাজাগতিক ঘটনার নাম ‘লিওনিড উল্কাবৃষ্টি’।
এ উল্কাবৃষ্টি বিশেষভাবে সক্রিয় হওয়ায় এটা দেখা যেমন সহজ তেমন দৃষ্টিনন্দনও বটে। এর কারণ, উল্কাবৃষ্টি তৈরিকারী কণাগুলো দ্রুত গতিতে ছুটছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
প্রতি সেকেন্ডে প্রায় ৭১ কিলোমিটার গতিবেগে আসা এসব উল্কা অন্য যে কোনো উল্কাবৃষ্টির চেয়ে দ্রুতগামী।
এর মানে, এদের তৈরি আগুনের গোলা বিশেষভাবে উজ্জ্বল হয়, যা আকাশের প্রতিটি তারা ও গ্রহের চেয়েও বেশি দ্যুতি ছড়ায় এবং নীল ও সবুজ আভা মেশানো দীর্ঘ পথ তৈরি করে।
লিওনিড উল্কাবৃষ্টির এই উজ্জ্বলতা যুক্তরাষ্ট্রের সময় ১৭ নভেম্বর রাত থেকে ১৮ নভেম্বর ভোর পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে থাকবে। তবে এর স্থায়িত্ব আরও বেশি।
৬ নভেম্বর শুরু হওয়া এই মহাজাগতিক ঘটনা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর উজ্জ্বলতা কমে গেলেও সর্বোচ্চ অবস্থানের পরের দিনগুলোতেও এটা দেখা যাবে।
লিওনিড উল্কাবৃষ্টি বাংলাদেশ থেকেও দেখা যাবে। উত্তর গোলার্ধের দেশগুলোর মতো বাংলাদেশ থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান হয়। প্রতি বছর পৃথিবী যখন ‘টেম্পল-টাটল’ নামের এক ধূমকেতুর রেখে যাওয়া ধ্বংসাবশেষের মেঘের মধ্য দিয়ে যায় তখনই এই উল্কাবৃষ্টি ঘটে।
সেই ধ্বংসাবশেষের টুকরাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে তীব্র গতিতে প্রবেশ ও আলোর রেখা তৈরি করে বাষ্পীভূত হয়ে যায়, যাকে ‘শুটিং স্টার’ বা উল্কা বলে।
উল্কাগুলো দেখতে মনে হয় যেন ‘লিও’ বা সিংহ রাশি থেকে বেরিয়ে আসছে। আর তাই এর নাম হয়েছে লিওনিড উল্কাবৃষ্টি। আকাশের প্রায় সব জায়গাতেই এটা দেখা যাবে।
এ দৃশ্য দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন নেই। তবে এর জন্য প্রয়োজন অন্ধকার স্থানে গিয়ে বাইরে অবস্থান করা ও কিছু সময় আকাশের দিকে তাকিয়ে থাকা।
এই উল্কাবৃষ্টি দেখার মূল চাবিকাঠি কেবল ওপরের দিকে তাকিয়ে থাকা, নিজের চোখকে অন্ধকারের সঙ্গে মানিয়ে নেওয়া ও আকাশে উজ্জ্বল আলোর রেখা ফুটে ওঠার জন্য অপেক্ষা করা।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এমন কোনো জায়গায় যেতে, যেখানটায় আকাশ আলোকদূষণ ও অন্যান্য প্রতিবন্ধকতা থেকে মুক্ত। এরপরের কাজটি কেবল আকাশের দিকে তাকানো, চোখকে অন্ধকারের সঙ্গে মানিয়ে নেওয়া ও রাতের আকাশজুড়ে চোখ বোলানো।
প্রতি ৩৩ বছর পরপর তৈরি ‘উল্কাঝড়’ বা ‘মেটিওর স্টর্ম’-এর জন্যও লিওনিড বিশেষভাবে পরিচিত।
সাধারণ উল্কাবৃষ্টির সময় যেখানে ঘণ্টায় মাত্র পাঁচটির মতো উল্কা দেখা যেতে পারে, সেখানে এই ঝড়ের সময় প্রতি ঘণ্টায় শত শত বা হাজার হাজার উল্কা দেখা যায়।
এসব ঝড়ের মধ্যে কয়েকটিকে অতীতে এতই চমৎকার আলোর প্রদর্শনী তৈরি করেছে যে, তা মানুষকে যেমন বিমোহিত করেছে তেমন উল্কাবৃষ্টি সম্পর্কে ধারণাকেও নাটকীয়ভাবে এগিয়ে নিয়েছে।
১৮৩৩ সালে এমনই এক অসাধারণ প্রদর্শনী দেখা গিয়েছিল, যেখানে প্রতি ঘণ্টায় প্রায় ১ লাখ উল্কা ছুটে এসেছিল।
১৭৯৯, ১৮৩৩, ১৯৬৬ ও ১৯৯৯ থেকে ২০০১ সালেও একই ধরনের উল্কাঝড় দেখা গিয়েছিল। পরবর্তী এমন উল্কাঝড় ২০৩৩ বা ২০৩৪ সালের দিকে দেখা যেতে পারে।
তবে এসব উল্কাঝড়ের বিষয়ে আগেভাগে নিশ্চিত করে বলা বেশ কঠিন। কারণ, যে ধূলিকণা থেকে এগুলো তৈরি তা মহাকাশের খুব সামান্য অংশ জুড়ে থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে ও সৌরজগতের গ্রহগুলোর মহাকর্ষীয় টানের কারণে এর পরিবর্তন ঘটে।
সহজভাবে বললে, পৃথিবী কখনো কখনো এই ধূলিকণার প্রবাহের সবচেয়ে ঘন অংশের ভেতর দিয়ে চলে যায় ও অভাবনীয় দৃশ্য তৈরি করে; আবার কখনো কখনো একে প্রায় পুরোপুরিই পাশ কাটিয়ে যায়।
