১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

হুয়াংয়ের কেলেঙ্কারি, পদত্যাগ নিয়ে নেটদুনিয়ায় বইছে মিমের ঝড়

পরিহাসের বিষয় হচ্ছে, এ মিমগুলো সম্ভবত জেনসেংয়ের কোম্পানির চিপ ব্যবহার করেই তৈরি হয়েছে। বিশ্বজুড়ে এনভিডিয়ার পরিচিতি এআই চিপ তৈরির জন্যই।

হুয়াংয়ের কেলেঙ্কারি, পদত্যাগ নিয়ে নেটদুনিয়ায় বইছে মিমের ঝড়

মিউজিক ভিডিওর অনলাইন প্যারোডি, বলিউডের সিনেমা, আমেরিকান সিটকম ও কোল্ডপ্লের কনসার্টের ‘কিস-ক্যাম’ সব জায়গাতেই এখন জেনসেনের ছবি দেখা যাচ্ছে। ছবি: এআই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 10:09 AM

Updated : 18 Nov 2026, 10:09 AM

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সন্দেহের তালিকায় থাকা এক নারীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর তার ছবি ও এআই প্রযুক্তি ব্যবহার করে নেটদুনিয়ায় মিমের ঝড় বইছে।

আমেরিকান সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে লিখেছে, মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন ও তার চামড়ার জ্যাকেট পরা অবয়ব একসময় হয়ে উঠেছিল কোম্পানিটিরই সমার্থক।

জ্যাকেটের সঙ্গে সেই সম্পর্ক এতটাই নিবিড় ছিল যে, এ বছর জেনসেনের পিক্সেল-আর্ট সংস্করণওয়ালা ১৭৮ ডলারের সোয়েটার বিক্রি করেছিল কোম্পানিটি।

তবে পরপর দুটি বিয়েবহির্ভূত কেলেঙ্কারির জেরে বৃহস্পতিবার জেনসেনের পদত্যাগের পর পরিস্থিতি বদলেছে। এর মধ্যে একটি ঘটনা ছিল মার্কিন সরকারের সন্দেহ অনুসারে এক চীনা গুপ্তচরের সঙ্গে তার সম্পর্ক।

এই ঘটনার পর জেনসেনের ছবি ব্যবহার করে ইন্টারনেটজুড়ে এখন মিমসের বন্যা বয়ে যাচ্ছে।

এর পেছনে বড় ভূমিকা রয়েছে এআই দিয়ে ছবি বা ভিডিও বানান এমন উৎসাহীদের। তারা একসময় জেনসেনের ভক্ত ছিলেন।

মিউজিক ভিডিওর অনলাইন প্যারোডি, বলিউডের সিনেমা, আমেরিকান সিটকম ও কোল্ডপ্লের কনসার্টের ‘কিস-ক্যাম’ সব জায়গাতেই এখন জেনসেনের ছবি দেখা যাচ্ছে।

এগুলোর অনেকগুলোই তৈরি হয়েছে এআই প্রযুক্তি ব্যবহার করে। পরিহাসের বিষয় হচ্ছে, এ মিমগুলো সম্ভবত জেনসেংয়ের কোম্পানির চিপ ব্যবহার করেই তৈরি হয়েছে। বিশ্বজুড়ে এনভিডিয়ার পরিচিতি এআই চিপ তৈরির জন্যই।

এআই বিপ্লবের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ৬৩ বছর বয়সি জেনসেনের বিরুদ্ধে ওঠা এই কেলেঙ্কারির ঘটনাগুলো এখন মিমের খোরাক হয়ে উঠেছে।

গত বছরও এক প্রযুক্তি স্টার্টআপের বিবাহিত প্রধান নির্বাহী কোল্ডপ্লের এক কনসার্টে কিস-ক্যামেরায় ধরা পড়েন। ওই সময় তাকে নিজের কোম্পানির বিবাহিত মানবসম্পদ প্রধানের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে।

বেলজিয়ামের সফটওয়্যার প্রকৌশলী পিটার ডেডেনের কল্যাণে সেই ভাইরাল মুহূর্তটিতেও জেনসেনের মুখ বসিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক ফোনালাপে ৪৩ বছর বয়সি এই প্রকৌশলী বলেছেন, গেল সপ্তাহে এনভিডিয়া সম্পর্কিত খবর পড়তে পড়তে তার বেশ রাত হয়েছিল।

বিছানায় শুয়েই এক ওপেন-সোর্স জেনারেটিভ এআই টুল ব্যবহার করে কোল্ডপ্লের কনসার্টের সেই দম্পতির জায়গায় জেনসেন ও অ্যালিস হুয়াংয়ের ছবি বসিয়ে দেন পিটার ডেডেন।

Image

পরপর দুটি বিয়েবহির্ভূত কেলেঙ্কারির জেরে বৃহস্পতিবার জেনসেন পদত্যাগ করেছেন। ছবি: রয়টার্স

অ্যালিস হুয়াং হলেন সেই চীনা ব্যবসায়ী নারী, যার সঙ্গে সম্পর্কের কথা জেনসেন নিজেও স্বীকার করেছেন।

নিজের তৈরি সেই মিম সম্পর্কে পিটার ডেডেন বলেছেন, “আমি বিষয়টি নিয়ে তখন খুব বেশি কিছু ভাবিনি।”

তিনি বলেছেন, রোববার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন পোস্টটি ১০ লাখেরও বেশি মানুষ দেখেছে। বৃহস্পতিবার বিকেল নাগাদ সেটার ভিউ প্রায় ৭০ লাখে গিয়ে ঠেকে।

জেনসেন সম্পর্কে ডেডেন বলেছেন, “আমি সত্যিই মানুষটিকে আদর্শ মনে করতাম। ব্যাপারটি বেশ বিড়ম্বনার যে, শেষ পর্যন্ত তিনি যে প্রযুক্তি তৈরিতে ভূমিকা রেখেছেন, আজ সেই প্রযুক্তির মাধ্যমেই এ ধরনের রসিকতা করা হচ্ছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এআই ব্যবহার করে প্রতারণাবিষয়ক জনপ্রিয় সব মিউজিক ভিডিওতেও জেনসেনকে বসিয়ে দিয়েছেন।

একটি পোস্টে দেখা গেছে, নিজের চিরচেনা কালো চামড়ার জ্যাকেট পরে জেনসেন জনপ্রিয় সংগীতশিল্পী আশারের ‘কনফেশনস, পার্ট টু’ গানের মিউজিক ভিডিওতে শিল্পীর জায়গা নিয়েছেন। তবে মূল ভিডিওর ঠোঁট মেলানো বেশি নিখুঁত।

‘মিনিয়াপলিস’-এর এআই পরামর্শক টমাস ইউনিস ভিডিওটি তৈরি করেছেন। তিনি বলেছেন, গুগল থেকে হুয়াংয়ের চারটি ছবি খুঁজে বের করে একটি এআই টুলে দিয়ে আশারের জায়গায় হুয়াংয়ের চেহারা বসাতে তার কেবল পাঁচ মিনিট সময় লেগেছে।

৪০ বছর বয়সি ইউনিস বলেছেন, হুয়াংয়ের ছবি ব্যবহার করে এত বিপুল পরিমাণ মিম তৈরি হওয়ার বিষয়টি এটাই প্রমাণ করে, প্রযুক্তি কত দ্রুত এগিয়েছে।

অভিনেতা ও সংগীতশিল্পী উইল স্মিথের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “দেড় বছর আগে উইল স্মিথের স্প্যাগেটি খাওয়ার এআই ভিডিওটি দেখতে স্ক্রিনজুড়ে ছড়িয়ে থাকা অস্পষ্ট দাগের মতো লাগত। অথচ এখন একটি ভিডিও দেখে মনে হয়, ‘বাহ, এটা তো ভালোই বাস্তব দেখাচ্ছে’।”

আরেকটি ভিডিওতে ‘মেট্রিক্স’ সিনেমার এক দৃশ্যে ‘নিও’ চরিত্রে দেখা গেছে হুয়াংকে, যেখানে ‘মরফিয়াস’ চরিত্রে থাকা প্রেসিডেন্ট ট্রাম্প তাকে চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা ধরে রাখার গুরুত্ব বোঝাচ্ছেন ও লাল পোশাক পরা নারীর প্রেমে না পড়ার পরামর্শ দিচ্ছেন।

দৃশ্যে জেনসেন পেছনে ফিরে তাকিয়ে দেখতে পান লাল পোশাকের নারী, যার জায়গায় অ্যালিসের ছবি বসানো হয়েছিল হঠাৎ তিনি বন্দুক হাতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ে পরিণত হয়েছেন।

এই মিমে ইলন মাস্ককেও ছোট চরিত্রে দেখা গেছে। বৃহস্পতিবার পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ ভিডিওটি ৬০ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

সিলিকন ভ্যালির বড় ধরনের প্রতারণার প্রেক্ষাপটে তৈরি আরেকটি মিমে কিছু ব্যবহারকারী বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত থেরানোস প্রতিষ্ঠাতা এলিজাবেথ হোমসকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘ইউ ক্যান সি এভরিথিং’-এ জেনসেনকে বসিয়েছেন।

এআইয়ের সাহায্যে তথ্যচিত্রটির ট্রেইলারের একটি অংশ নতুন করে সাজানো হয়েছে, যেখানে এলিজাবেথ হোমসের ভূমিকায় থাকা অ্যালিস অপলক দৃষ্টিতে জোর দিয়ে বলছেন, “অবশ্যই আমি আপনার সঙ্গে প্রতারণা করছি না।”

এসব ভিডিওর অনেকগুলোতে এগুলো যে কৃত্রিমভাবে তৈরি তা শনাক্ত করার জন্য লেবেল যোগ করা আছে।

তবে পিটার ডেডেন তার নিজের তৈরি ভিডিও সম্পর্কে বলেছেন, এরপরও কত মানুষ প্রশ্ন করছেন, “এটা কি সত্যি?” এমন প্রশ্ন শুনে এখনও অবাক হতে হয়।”