উত্তরায় বাসের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু
“বাবা পিপিবি পরিবহনের একটি বাসকে থামার সংকেত দেন। কিন্তু চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি তাকে ধাক্কা দেয়,” বলেন নিহতের ছেলে।
রাজধানীর উত্তরার জসীমউদ্দিন এলাকায় বাসের ধাক্কায় এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে দুর্ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত ফসিয়ার রহমান মোল্লা (৪২) পিপিবি পরিবহনের সুপারভাইজার ছিলেন। পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুর-১ এ ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার বাড়ি মাগুরার শালিখার বয়রা গ্রামে।
ফসিয়ারের ছেলে অনিক বলেন, উত্তরার জসীমউদ্দিন রোড এলাকায় বাবা পিপিবি পরিবহনের একটি বাসকে থামার সংকেত দেন। কিন্তু চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় বলা হয়েছে।
