২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, কাতারগামী দুই যুবকসহ আহত ৩

বুধবার বেলা সাড়ে ১১টার ফ্লাইটে রুবেল ও আলামিনের কাতারে যাওয়ার কথা ছিল।

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, কাতারগামী দুই যুবকসহ আহত ৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 02:32 PM

Updated : 25 Nov 2026, 02:32 PM

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাতারগামী দুই প্রবাসী ও তাদের এক স্বজন।

বুধবার সকাল পৌনে ৮ টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ৪০ বছর বয়সি অটোরিকশাচালক মাসুম মিয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার মণ্ডপাশা গ্রামে, তার বাবার নাম হারুন হাওলাদার। আহতরা হলেন-লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা ও কাতারগামী যাত্রী কাওসার হোসেন রুবেল (৩১), আলামিন (৩০) এবং তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে আসা স্বজন মো. বশির (৩৩)।

আহত বশিরের স্ত্রী নুপূর আক্তার বলেন, এদিন বেলা সাড়ে ১১টার ফ্লাইটে রুবেল ও আলামিনের কাতারে যাওয়ার কথা ছিল। সকালে শনির আখড়ার রায়েরবাগ বাগানবাড়ি মসজিদের সামনে থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে মূল সড়কের দিকে যাচ্ছিলেন তারা। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরিকল্পনা ছিল। তাদের সঙ্গে ছিলেন বশির।

নুপূর বলেন, “অটোরিকশাটি রায়েরবাগ বাসস্ট্যান্ডের ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস ধাক্কা দেয়। তখন অটোরিকশাটি ছিটকে পড়ে এবং চালকসহ চার আরোহীই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।”

“খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং স্থানীয়দের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে যাই।”

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজনই ঢাকা মেডিকেলে ভর্তি আছেন বলে জানিয়েছেন নুপূর।

নুপুর আক্তার জানিয়েছেন, তার স্বামী বশিরের অবস্থা আশঙ্কাজনক ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহত মাসুম মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।