ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় কনস্টেবলের মৃত্যু
অবস্থার অবনতি হলে আল আমিনকে আইসিইউতে নেওয়া হয়।
চট্টগ্রাম নগরীতে বাইক নিয়ে ছিতকারীকে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে পুলিশের এক কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত আল আমিন সরদার সিএমপি পুলিশ লাইন্সের এস এ এফ শাখায় কর্মরত ছিলেন। ২০২২ সালে তিনি কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করেছিলেন। তার বাড়ি মাদারিপুর সদর উপজেলার উত্তর দুধখালী এলাকায়।
নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, রোববার ভোরে ওয়াসা মোড় সংলগ্ন জমিয়াতুল ফালাহ জামে মসজিদের পশ্চিম গেইটে চেক পোস্ট ডিউটি করছিলেন আল আমিন।
“এ সময় বাইক নিয়ে ছিনতাইকারীকে ধাওয়া করলে একটি মিনি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তারপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
অবস্থার অবনতি হওয়ায় আল আমিনকে আইসিইউতে নেওয়া হয়। তারপর সোমবার ভোরে সেখানে তিনি মারা যান বলে জানিয়েছেন সহকারী কমিশনার আমিনুর রশিদ।
কনস্টেবল আল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
