৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ৩

আহতদের একজন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 09:38 PM

Updated : 31 Oct 2026, 09:38 PM

নারায়ণগঞ্জ শহরে বাসের ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে শহরের কালীবাজারের চারারগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার এসআই সিরোজ আল মামুন।

নিহত আতিক (৩৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর ইস্কুল গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জে অটোরিকশা চালাতেন।

আহত তিনজন হলেন মো. মাসুদ রানা (৩৯), শাওন (৪০) ও মো. মোজাম্মেল (৪০)। তাদের মধ্যে মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচল করা উৎসব পরিবহনের একটি বাস যাত্রী নামিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা পাঁচটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনজন আহত হন।

গুরুতর আহত আতিককে প্রথমে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আতিকের ভাই মো. লেবু বলেন, দুর্ঘটনার সময় আতিক ও মাসুদ একটি চায়ের দোকানের সামনে অটোরিকশায় বসে ছিলেন। এ সময় পেছন থেকে আসা বাসটি তাদের ধাক্কা দেয়।

সদর মডেল থানার এসআই সিরোজ আল মামুন বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।