কুড়িগ্রামে ট্রাক চাপায় ইজিবাইকে থাকা ৫ জন নিহত
এ ঘটনায় আহত এক শিশুকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইক আরোহী পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের। আহত হয়েছেন একজন।
শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজার ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে বলে রৌমারী থানার ওসি কাওসার আলী জানান।
নিহতরা হলেন, উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো. শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন (৩২), তার ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। অপর দুইজনের মধ্যে শরীফা বেগম (৪২) যাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকার বাদল মিয়ার স্ত্রী এবং ইজিবাইকটির চালক (৪০)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শরীফা বেগমের মেয়ে বৃষ্টি (১৭)। তাকে প্রথমে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি কাওসার আলী বলেন, দুপুর আড়াইটার দিকেময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে চাপা দেয় একটি মালবোঝাই ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনজন এবং রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সামাদ বলেন, গুরুতর আহত একরোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর মাল বোঝাই ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান ওসি কাওসার আলী।
