১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় মোটরসাইকেলে ধাক্কা ট্রাকের, ২ ইউপি সদস্য নিহত

একটি মোটরসাইকেলে করে কাহালুর দিকে যাচ্ছিলেন দুই ইউনিয়ন পরিষদ সদস্যসহ তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 03:01 PM

Updated : 17 Nov 2026, 03:01 PM

বগুড়ার কাহালুতে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহ হাট থেকে নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাহালু থানার ওসি শফিকুল ইসলাম।

নিহতরা হলেন- কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৬৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাসেদ (৭০)। এছাড়া দুর্ঘটনায় আ. মকিম (৬০) নামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

ওসি শফিকুল বলেন, সকালে নিজ এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন কাহালুর দিকে যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলটি পাইকড় পাঞ্জুয়াপাড়া পাকা রাস্তায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বালুভর্তি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই দুই ইউপি সদস্য বাবর আলী ও আব্দুল বাসেদ মারা যান। স্থানীয়রা গুরুতর আহত আ. মকিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। ট্রাকটি পালিয়ে যাওয়াই কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।