২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

শেরপুর থেকে ধুনট যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 08:31 PM

Updated : 25 Nov 2026, 08:31 PM

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার বেলা ১২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধুনট থানার ওসি আতিকুল ইসলাম।

নিহতরা হলেন- উপজেলার বানিয়াজান ইউনিয়নের বিপ্লব সরকারের ছেলে মোটরসাইকেল চালক উজ্জ্বল সরকার (২২) এবং একই উপজেলার চৌবাড়িয়া এলাকার স্বদেশের ছেলে শিখর চন্দ্র (২৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে মোটরসাইকেলে ধুনটের দিকে যাচ্ছিলেন উজ্জ্বল ও শিকর। পথে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ধুনট ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

ওসি আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একজন এবং হাসপাতাল থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।