জাতীয় লিগের সেরা মুরাদ আরও ‘পরিণত’ হয়ে টেস্টে ফেরার অপেক্ষায়
ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার হাসান মুরাদ এবারও জাতীয় লিগের সর্বোচ্চ উইকেট শিকারি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বাঁহাতি এই স্পিনার বললেন, টেস্ট দলের জন্য তৈরি রাখছেন নিজেকে।
শেষ রাউন্ড শুরুর দিন নাসুম আহমেদের চেয়ে তিন উইকেট পিছিয়ে ছিলেন হাসান মুরাদ। টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত ব্যবধান বাড়িয়ে পাঁচে নিয়ে গেলেন নাসুম। এরপরই চমক দেখালেন মুরাদ। একে একে ঢাকার ছয় ব্যাটসম্যানকে ফিরিয়ে শেষ পর্যন্ত তিনিই উঠে গেলেন শীর্ষে। পেয়ে গেলেন এবারের জাতীয় ক্রিকেট লিগের সর্বোচ্চ উইকেটশিকারির মুকুট।
ঘরোয়া ক্রিকেটে বাঁহাতি এই স্পিনারের এমন পারফরম্যান্স নতুন কিছু নয়। প্রথম শ্রেণির ক্রিকেট স্রেফ ২০ ম্যাচে ১০০ উইকেট নিয়ে দেশের রেকর্ড গড়েছিলে তিনি। এবারের মৌসুমে স্পর্শ করেছেন ক্যারিয়ারে ২০০ উইকেটের মাইলফলক। এখন পর্যন্ত ৫২ ম্যাচে ২৪.১৬ গড়ে তার শিকার ২২৮ উইকেট। ইনিংসে ৫ উইকেট ১৫ বার।
ধারাবাহিক পথচলায় লাল বলের ক্রিকেটে দেশের ভবিষ্যৎ হিসেবে নিজের দাবি জানান দিয়েছেন ২৫ বছর বয়সী স্পিনার। সেই পথেই গত বছর খেলে ফেলেছেন দুটি টেস্ট। দুই ম্যাচে ১২ উইকেট নিলেও নানা কারণে এক বছর ধরে আর সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে।
তবে নিজের কাজ তিনি করেই যাচ্ছেন। এবারের জাতীয় লিগের দুর্দান্ত পারফরম্যান্সের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি মুরাদ, আগের তুলনায় তিনি এখন আরও বেশি পরিণত, জাতীয় দলে আবার সুযোগ পেলে ছাড়িয়ে যেতে চান নিজের আগের পারফরম্যান্স।
সর্বোচ্চ ৪১ উইকেট নিয়ে এবারের জাতীয় লিগ শেষ করলেন। পুরো টুর্নামেন্টে নিজের পারফরম্যান্সে কতটা সন্তুষ্ট?
হাসান মুরাদ: টুর্নামেন্টের আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে খেলা ছিল। তাই দক্ষিণ আফ্রিকা সফর করলাম। সেখানে ভিন্ন একটা কন্ডিশন ছিল। ওটার জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে যাই। আনঅফিসিয়াল টেস্ট ম্যাচও ছিল আমাদের, ওটার জন্যও প্রস্তুতি নেওয়া ছিল সবকিছু মিলিয়ে। তারপরে এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) একটা বড় টুর্নামেন্ট, ওটার জন্যও আলাদা প্রস্তুতি নেওয়া ছিল।
সব দিক দিয়ে বলতে গেলে একটা বড় টুর্নামেন্টের জন্য, একটা সিরিজের জন্য যেমন দরকার, ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। স্কিলের দিক থেকে বা মানসিকভাবে, কিংবা দলের জন্য গেম প্ল্যান আরও কার্যকর হওয়া যায়, কীভাবে দলকে আরও উপরের দিকে নিয়ে যাওয়ায়, সেজন্য যে কাজগুলো দরকার, ওগুলো নিয়ে অনেক বেশি পরিশ্রম করেছি। সেদিক থেকে ভালো একটা প্রস্তুতি ছিল। তো পরে টুর্নামেন্টটা ওইভাবে যেভাবে আমি চেয়েছিলাম সেভাবেই হয়েছে আরকি।
তাহলে সব মিলে আসলে আপনার তৃপ্তির জায়গাটা আছে?
হাসান মুরাদ: হ্যাঁ, তৃপ্তির জায়গাটা অবশ্যই আছে, টুর্নামেন্ট যেহেতু ভালোই গিয়েছে। সব মিলিয়ে ধারাবাহিকতার যে জায়গাটা ছিল ওইখানে সন্তুষ্ট ছিলাম আর কী।
দল (চট্টগ্রাম) তিন নম্বর হয়েছে, আরেকটু উপরের দিকে চিন্তা করছিলাম। চ্যাম্পিয় হওয়ার আশা ছিল। নিজেও চিন্তা করছিলাম যে, দলকে আসলে আরও ভালো কিছু দিলে হয়তো দলটা চ্যাম্পিয়ন হতে পারত। ওই জায়গায় একটু অতৃপ্তি আছে।
যেভাবে টুর্নামেন্টটা শুরু করছিলেন, প্রতিটা ম্যাচেই উইকেট পাচ্ছিলেন, কিন্তু পাঁচ উইকেট আসলে হচ্ছিল না। একদম টুর্নামেন্টের শেষ দিন ছয়টা নিয়ে নিলেন। এটা নিয়ে কি আক্ষেপ ছিল যে আসলে এত ভালো করছেন কিন্তু পাঁচ উইকেট হচ্ছে না?
হাসান মুরাদ: না, আক্ষেপ ছিল না। ১০০ রান করা বা পাঁচ উইকেট নেওয়া- এটা অবশ্যই একটা অর্জন, অবশ্যই ভালো লাগে যদি। তারপরও ওই দিক থেকে কোনো আক্ষেপ ছিল না।
আক্ষেপ একটাই ছিল যে, আরও যদি একটা-দুইটা ম্যাচ আমরা বের করতে পারতাম। যেটা আমি একটু আগেও বললাম যে, দলকে যদি আরও একটা-দুইটা ম্যাচ বের করে দেওয়া যেত, তাহলে আরও বেশি খুশি থাকতাম। পাঁচ উইকেটের জন্য ওরকম বেশি আক্ষেপ ছিল না। কারণ এর আগেও অনেক চার উইকেট, পাঁচ উইকেট, ছয় উইকেট পেয়েছি।
আপনার তো অনেকগুলোই আছে পাঁচ উইকেট…
হাসান মুরাদ: হ্যাঁ। ওগুলো নিয়ে আক্ষেপ নাই! পাঁচ উইকেট নিয়ে আক্ষেপ নাই। পাঁচ উইকেট পেলে ভালো লাগে আর কী, ভালো লাগা কাজ করে।
শেষ রাউন্ডের আগপর্যন্ত নাসুম আহমেদের চেয়ে তিন উইকেট পিছিয়ে ছিলেন। শেষ দিন শুরুর সময়ও আপনি তার চেয়ে পাঁচ উইকেট পিছিয়ে। সেদিনই আপনি ছয় উইকেট নিলেন। উইকেটশিকারের দৌড়ে এই লড়াইটা কেমন উপভোগ করেছেন?
হাসান মুরাদ: নাসুম ভাই অনেক ভালো বোলিং করেছেন। আমার চেয়ে একটা ম্যাচ কম খেলেছেন। সেদিক থেকে অনেক অনেক ভালো টুর্নামেন্ট কেটেছে উনার। উনার পারফরম্যান্সে সিলেট রানার্সআপও হয়েছে। উনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কোনো কিছু চিন্তা করিনি। এটা কোনো একটা মানে টার্গেটও ছিল না যে উনাকে টপকাতে হবে।
আমি সব সময়ই মানে বর্তমানে থাকার চেষ্টা করি, আজকের দিনে কী করতে পারি। আজকের দিনে দলকে যত সেরাটা দেওয়া যেতে পারে, সেদিক থেকে চিন্তা করি। শেষ ম্যাচে ঢাকার সঙ্গে খুবই ভালো একটা ম্যাচ হয়েছে আমাদের।
ওই শেষ দিনটাতে আমি চিন্তা করেছি যে, আজকে আমি যদি নিজের সবচেয়ে সেরাটা দিতে পারি, আমরা এই ম্যাচটা জিততে পারব। পরে মাঠে নেমে সেটাই চেষ্টা করেছি। এরপর একটার পর একটা নিতে নিতে ছয়টা উইকেট হয়ে গিয়েছে আর কী।
চট্টগ্রামের চ্যাম্পিয়ন লড়াইয়ের কথা বললেন। শুরুর দিকে আপনারা ভালোভাবেই এগোচ্ছিলেন। শেষ রাউন্ড পর্যন্ত অন্তত রানার্স-আপ হওয়ার সম্ভাবনাও ছিল। কোন জায়গাটায় আসলে পিছিয়ে গেলেন যে তিন নম্বরে নেমে যেতে হলো আপনাদের?
হাসান মুরাদ: রানার্স-আপ হওয়ারও খুব ভালো একটা সুযোগ ছিল। শেষ ম্যাচে আমাদের জন্য একটা সমীকরণ (বোনাস পয়েন্টসহ জয়) ছিল। তবে সিলেটের বিপক্ষে বরিশাল ইনিংস ব্যবধানে হারার কারণে আসলে হয়নি। ওরা যদি ইনিংসে না হারত, সিলেট একটা পয়েন্ট কম পেত। আমরা হেড-টু-হেড ব্যবধানে হয়তো রানার্স-আপ হতাম। এটা আসলে ভাগ্যের একটা ব্যাপার।
সিলেটও খুব ভালো একটা ম্যাচ খেলেছে বরিশালের সাথে। বোনাস পয়েন্ট যতগুলো ছিল (বোনাস দুইসহ মোট ১০ পয়েন্ট) সবগুলা পেয়েছে। সিলেটকে তাই কৃতিত্ব অবশ্যই দিতে হয়। ওরা ওদের সেরা ক্রিকেটটা খেলছে।
খুলনার সঙ্গে আমাদের যে ম্যাচটা হয়েছে, ভালো একটা লড়াই হয়েছে। ওইটা আমরা যদি জিততে পারতাম, জেতার মতো অবস্থাই ছিল আমাদের। সেটা জিতলে চ্যাম্পিয়ন ফাইট দিতে পারতাম। আমাদের ষষ্ঠ রাউন্ডের যে ম্যাচটা ছিল রংপুরের বিপক্ষে, ওইখানে বৃষ্টির কারণে শেষ দিন দুই ঘণ্টা আমরা পাইনি। ওই দুই ঘণ্টা পেলে হয়তো অন্যরকম হতে পারত।
জাতীয় লিগে কয়েক মৌসুমে ডিউক বল ব্যবহার হচ্ছিল। এবার কুকাবুরা ফেরানো হয়েছে। যার ফলে স্পিনারদের দাপটও বেড়েছে। কুকাবুরায় ফেরার সিদ্ধান্তটা আপনি কীভাবে দেখেন?
হাসান মুরাদ: আমরা আগেও কুকাবুরায় খেলেছি। এসজি বলে খেলেছি, ডিউক বলেও খেলা হয়েছে। ডিউক বল নিয়ে আসার পেছনে হয়তো বিসিবির একটা লক্ষ্য ছিল। যেটা হয়তো তারা অর্জন করেছে। আবার কুকাবুরায় ফেরত এসেছে, আমরা যেহেতু টেস্ট ক্রিকেটটা কুকাবুরা বলেই বেশি খেলি।
সব দিক মিলিয়ে বলতে গেলে, কুকাবুরা আসলে আমি নিজেও উপভোগ করি। কারণ. আমরা টেস্ট ক্রিকেট এই বলটা দিয়েই খেলি। এখানে একটু চ্যালেঞ্জ আছে। কুকাবুরা বলে যেহেতু খুব বেশি সাহায্য পাওয়া যায় না, আপনাকে স্কিলের দিক থেকে অনেক ওপরে থাকতে হয়। ডিউক বলে যেটা পেস বোলাররা পেত।
স্পিনাররা কম বল করত ডিউক বলে। সেদিক থেকে বলতে গেলে এটাও একটা পরিকল্পনা হয়তো। ডিউক বল আর কোকাবুরার মধ্যে পার্থক্য এই যে, ওইখানে (ডিউক বলে) একটু পেস বোলারদের সহায়তা থাকত বেশি, বলটা উজ্জ্বল থাকত বেশি। কুকাবুরা বলটা একটু তাড়াতাড়ি বিবর্ণ হতে থাকে।
কুকাবুরায় স্পিনাররা তুলনামূলক বেশি কার্যকর হয়…
হাসান মুরাদ: যেটা বললাম, স্কিলের খেলা আর কী। কুকাবুরা বল মানেই যে স্পিনাররা ভালো করবে, এমন না। পেস বোলাররাও কিন্তু দাপট দেখাতে পারে। কুকাবুরা বলে ভালো লাইন-লেংথে করা গেলে মুভমেন্ট থাকে। বল পুরোনো হলে রিভার্স সুইংও আদায় করতে পারে পেসাররা। এটাও একটা স্কিল। আমার মনে হয়, এটাও পেস বোলারদের উন্নতির একটা জায়গা। পেস বোলাররা যদি এটা শিখতে পারে, আমাদের টেস্ট ক্রিকেটের জন্য ভালো হবে।
সেদিক থেকে আমি বলতে চাই, স্পিনার বা পেস বোলার আলাদা করতে চাই না। যেহেতু খেলাটা ক্রিকেট, এখানে স্পিনার, বোলার, ব্যাটসম্যান সবারই উপভোগ করতে হবে। সবারই স্কিলের পরীক্ষা দিতে হবে এখানে।
জাতীয় লিগের মাঝপথে নিয়ম করা হলো ৭০ ওভার পরই দ্বিতীয় নতুন বল নেওয়া যাবে। বাইরে থেকে আমরা দেখলাম, এতে ড্রয়ের পরিমাণ কমেছে। আপনাদের মাঠে খেলার অভিজ্ঞতা কেমন নতুন এই নিয়মে?
হাসান মুরাদ: এটাও ভালো একটা চিন্তা করে হয়তো দিয়েছে। ৮০ ওভারে যেটা ছিল সেটা ১০ ওভার এগিয়ে আনা হয়েছে। এটা আমার মনে হয় পেসারদের জন্য ভালো। কুকাবুরা বল যখন পুরোনো হয়ে যায় তখন স্পিনাররা অনেক লম্বা সময় বল করে। পেস বোলাররা লম্বা সময় বিরতিতে চলে যায়। এটাও আবার ঠিক না। ওদেরও পুরোনো বলে বল করা উচিত আর তাড়াতাড়ি নতুন বল এলে ওরা আবার একটু বোলিং করার সুযোগ পাবে। তাহলে টুর্নামেন্ট থেকে একটা পেস বোলিং ইউনিট বের হবে।
আন্তর্জাতিক ক্রিকেটে দেখবেন, প্রথম ইনিংসে পেস বোলারদের দাপটটা অনেক বেশি থাকে। সেকেন্ড ইনিংসে গিয়ে (উইকেটে) স্পিনারদের একটু বেশি সহায়তা আসে আরকি। প্রথম ইনিংসে স্পিনারদের ওরকম কিছু করার থাকে না। সেদিক থেকে চিন্তা করলে এটাও ভালো একটা বিষয় ছিল যে, ৭০ ওভারে নতুন বল দেওয়াতে পেস বোলাররা একটু আগে আবার একটা নতুন স্পেল পেল।
ব্যাটসম্যানদের জন্যও একটু ভালো যে যারা মাঝের ওভারে খেলছে, ইনিংসের মাঝপর্যায়ে খেলছে, ওরাও একটু নতুন বলটা পেলে, ওদের একটু নতুন বলে খেলার একটা অভ্যাস আসবে। এটা আমার ভাবনা। আমার মনে হয় যে, ভালো সিদ্ধান্ত।
জাতীয় দলের দুই নির্বাচক নাদিফ চৌধুরি ও নাঈম ইসলাম নিবিড়ভাবে জাতীয় লিগ অনুসরণ করেছেন। তাদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা?
হাসান মুরাদ: উনারা প্রায় প্রত্যেকটা ম্যাচই, প্রত্যেক দিনই মাঠে বসে খেলা দেখেছেন। কথা তো হয়ই। উনারা মাঠে গেলে তো অবশ্যই দেখা হয়, কথা হয়। উন্নতির কোন কোন জায়গা আছে, সেগুলো নিয়ে উনাদের সঙ্গে আলোচনা হয়। খেলা নিয়ে আলাপ হয়, উনারা পরামর্শ দেন। সবসময় যোগাযোগের মধ্যে থাকা হয় আরকি।
গত কয়েক বছরে বেশ কয়েকবার টেস্ট স্কোয়াডে ছিলেন। গত বছর দুটো টেস্টও খেলেছেন। প্রায় এক বছর ধরে আবার খেলা হচ্ছে না। এখন আরেকটি ভালো টুর্নামেন্ট কাটানোর পর জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার ব্যাপারে আপনার ভাবনা কী?
হাসান মুরাদ: পেশাদার ক্রিকেটার আমি চিন্তা করি যে, সবসময় নিজেকে প্রস্তুত রাখা। যেই টুর্নামেন্ট যেখানে খেলা হচ্ছে, ওই খেলাটাকে উপভোগ করা। দিনে দিনে উন্নতির যে জায়গাটা, ওই গ্রাফটা যেন ওপরের দিকে থাকে। উন্নতির ধারাটা যেন অব্যাহত থাকে।
যখনই সুযোগ আসবে… এরই মধ্যে যেহেতু জাতীয় দলে খেলে ফেলেছি, তাই একটা দায়িত্বও আছে যে, আবার যখন সুযোগ পাব, আগের চেয়ে বেশি উন্নতির ছাপটা যেন রাখতে পারি। যতটুকু খেলেছি বা দলকে দিয়েছি, পরেরবার যেন আরও ভালো কিছু দিতে পারি। ওই চিন্তাই থাকে সবসময় আসলে।
খেলা তো মাত্র শুরু করছি। ক্যারিয়ার মাত্র শুরু। আমার মনে হয় যে, এরকম সুযোগ অনেক আসবে সামনে। তাই সুযোগের জন্য অপেক্ষা করব আর নিজের উন্নতির জায়গাগুলো যতটা পারায় ওপরের দিকে রাখব। যাতে যখনই সুযোগ আসবে, নিজের সেরাটা যেন দিতে পারি।
ধারবাহিক উন্নতির বিষয়ে বললেন। ঘরোয়া ক্রিকেটে আপনি গত কয়েক মৌসুম ধরেই শীর্ষ পারফর্মারদের একজন। অনেক ম্যাচ খেলারও অভিজ্ঞতা হয়েছে। এই পর্যায়ে এসে নিজের বর্তমান অবস্থা কীভাবে মূল্যায়ন করেন?
হাসান মুরাদ: নিজের বোলিং নিয়ে সবসময় উন্নতির ধারা বজায় রাখতে চাই। অনুশীলন তো চলতেই থাকে। অফ সিজনে একরকম প্যাটার্ন থাকে। টুর্নামেন্ট চলাকালে আরেকরকম। ওই দিক থেকে দিন দিন আগের চেয়ে ভালো হচ্ছে। নিজেকে মনে হয় যে, আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছি। আমি নিজে অন্তত এরকমই অনুভব করছি।
এরই মধ্যে দুটি টেস্ট খেলেছি, পঞ্চাশের বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছি। সেদিক থেকে মনে হচ্ছে যে ক্রিকেটটা আগের থেকে একটু ভালো বোঝা শুরু করেছি। ছোট ছোট মানসিক বিষয়গুলো বা গেম প্ল্যান বা খেলার পরিস্থিতি, এসব আগের চেয়ে তাড়াতাড়ি বোঝার চেষ্টা করি। যতটুকু বুঝতে পারি, চেষ্টা করি তার সঙ্গে যেন নিজের স্কিল মানিয়ে নিতে পারি দ্রুত। এই জিনিসগুলো আগের চেয়ে আরও ভালো হচ্ছে এখন।
জাতীয় দলে তো এখন স্পিন পরামর্শক আছেন মুশতাক আহমেদ। এছাড়া সোহেল ইসলামও আছেন। তাদের সঙ্গে কেমন কাজ করা হয়?
হাসান মুরাদ: উনাদের সঙ্গে তো আসলে সবসময়ই কাজ চলছে। কারণ, এখন বলতে গেলে সারা বছরই ক্যাম্পের মধ্যে থাকি। কোনো একটা সিরিজের আগে যখন একটা ক্যাম্প থাকে, সেখানে ফিটনেস ক্যাম্প থাকে, স্কিল ক্যাম্প থাকে। সারা বছরই এখন ক্যাম্পের মধ্যেই থাকি। ফাঁকা সময় খুব কম।
সবসময় উনারা তো থাকেনই ক্যাম্পে। আর যখন সিরিজের আগে তো মুশতাক স্যার আসেন, উনার সঙ্গে কথা হয়। উন্নতির যে জায়গাগুলো আছে, সেগুলো আলোচনা করে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। সোহেল স্যারও আছেন।। উনি তো সবসময়ই থাকেন। নিয়মিত কথা হয়।
জাতীয় দলে গত ১০-১২ বছর ধরে বাঁহাতি স্পিনের জায়গাটা তাইজুল ইসলাম সামলাচ্ছেন। তার বয়স ৩৪ হয়ে গেছে। ঘরোয়া ক্রিকেটে আপনি যেভাবে এগোচ্ছেন, তাতে ভবিষ্যতে বাঁহাতি স্পিনের দায়িত্বটা আপনার কাঁধেই আসার কথা। সাকিব আল হাসান বা তাইজুল ইসলামের মতো ক্রিকেটারদের শূন্যস্থান পূরণের এই চ্যালেঞ্জ নিতে নিজেকে কতটা প্রস্তুত মনে করেন?
হাসান মুরাদ: যাদের কথা বললেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য তারা যা করেছেন, তা এককথায় অবিশ্বাস্য। সাকিব ভাইয়ের কথা বলুন বা তাইজুল ভাইয়ের কথা বলুন… তাইজুল ভাই তো এরই মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক।
গত আড়াই-তিন বছর ধরে জাতীয় দলের সাথে আসা-যাওয়ার সুবাদে তাইজুল ভাইয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। নিবিড়ভাবে তার সঙ্গে কাজ করেছি। তার সঙ্গে ড্রেসিংরুম ও প্র্যাকটিস সেশন শেয়ার করার সুযোগ হয়েছে। আমি যদি ভুল না করি, গত পাঁচ-ছয় বছরে বিশ্বের সেরা এক বা দুই নম্বর উইকেটশিকারি স্পিনারদের একজন তিনি। তার ওয়ার্ক এথিক এবং দলের প্রতি নিবেদন আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে।
সেদিক থেকে আমি যখন জাতীয় দলে সুযোগ পাব, যখন সুযোগ আসবে, চেষ্টা করব যেন দলকে আরও ভালো কিছু দিতে পারে। আমার লক্ষ্য থাকবে, দল যেন আমার থেকে সেরা কিছু পায়। আমার পারফরম্যান্সে যেন দল জিততে পারে, ওরকম চিন্তা-ভাবনা আমার।
