১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছাড়াই চলছিল ফতুল্লার আবাসিক মাদ্রাসাটি: ফায়ার সার্ভিস

অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলেও জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ।

সৌরভ হোসেন সিয়াম

Published : 10 Nov 2026, 07:26 PM

Updated : 10 Nov 2026, 07:26 PM

নারায়ণগঞ্জের ফতুল্লার জামিআ আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার সময় সেখানে ঘুমাচ্ছিলেন অন্তত ১২ জন শিক্ষার্থী। ভবনটির ওপরের তিনটি তলায় ঘুমিয়ে ছিলেন আরও শতাধিক ছাত্র। পাশেই ছিল মাদ্রাসার আরও দুটি ছয়তলা ও সাততলা আবাসিক ভবন। এক ভবন থেকে আরেক ভবনে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত।

অথচ এত বড় আবাসিক মাদ্রাসাটিতে ছিল না কোনো অগ্নিনিরাপত্তার ব্যবস্থা। এমনকি আগুন নেভানোর জন্য একটি অগ্নিনির্বাপণ যন্ত্রও ছিল না।

কাঁচপুর মডেল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “মাদ্রাসার কোথাও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আমরা দেখতে পাইনি। এমনকি অগ্নিনির্বাপণ যন্ত্রও ছিল না। কিন্তু ভবনটির পাশেই পানি স্টোরেজ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে তেমন বেগ পেতে হয়নি।”

এদিকে, মাদ্রাসাটির নায়েমে মোহতামিম (ভাইস প্রিন্সিপাল) আতিকুর রহমান বলেন, আগে কখনো এমন ঘটনার সম্মুখীন তারা হননি। এ কারণে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা নিয়ে তারা খুব একটা ভাবেননি।

তবে, ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ব্যাপারে উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

বার্ন ইউনিটে ভর্তি ৩৫ জন

মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস খবর পায় ১টা ৫৫ মিনিটে। ১০ মিনিটের মধ্যে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে এবং আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন পুরোপুরি নেভে ভোর পৌনে ৪টার দিকে।

আগুনে সরাসরি কেউ দগ্ধ না হলেও তাপ ও তীব্র ধোঁয়ার কারণে বেশ কয়েকজন ছাত্র অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ৮৮ জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের মধ্যে ৫৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

এখন ৩৫ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানান হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার।

“একজনের শ্বাস-প্রশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।”

মঙ্গলবার দুপুরে আহত শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

তখন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগুন লাগা প্রসঙ্গে বলেন, “ঘটনা ঘটে, আগুনের দুর্ঘটনা হয়; এটা তো আমাদের একটা সিস্টেমেটিক প্রবলেম। এটা শুধু যে এই মাদ্রাসাতে তাই নয়; মাদ্রাসা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, অনেক সময় দেখা যায় যে- স্টুডেন্টরা নিজেরা ভাড়া নিয়ে হোস্টেল বানিয়ে থাকে।

“আসলে একটা বিল্ডিং রেগুলেশনের ব্যাপার আছে, কী পারপাসে বিল্ডিংটা তৈরি হয় এবং কী পারপাসে ইউজ হয়। আমরা দেখেছি এর আগে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে আগুন লাগছে; ওগুলো কিন্তু হোটেল রেস্টুরেন্টের জন্য ডিজাইন করা না। আবাসিক ভবনগুলো বড় রাস্তার পাড়ে হলে আমরা এগুলাকে কমার্শিয়াল হিসেবে ইউজ করছি।”

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “একইভাবে মাদ্রাসার ওটাও হয়তো মাদ্রাসার জন্য ডিজাইন করা কোনো প্রতিষ্ঠান না। একটা বাসা-বাড়িকে বা ওরকম একটা বিল্ডিংকে কনভার্ট করা হয়েছে। এ ব্যাপারে আমার মনে হয় যে বিল্ডিং রেগুলেশন এবং সিস্টেমেটিক যে পলিসি চেঞ্জগুলো আসা দরকার, সেগুলোর দিকে আমাদের মন দিতে হবে।

“সার্বিকভাবে আমাদের এই বিল্ডিংয়ের ব্যবহার এবং বিল্ডিং গড়ে তোলাটাকে আরো সুন্দরভাবে রেগুলেট করা দরকার।”

লাইব্রেরি থেকে আগুনের সূত্রপাত

ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকার প্রায় ১২৫ শতাংশ জমির উপর মাদ্রাসাটিতে অন্তত ১৩০০ ছাত্র পড়াশোনা করে বলে জানিয়েছেন নায়েমে মোহতামিম (ভাইস প্রিন্সিপাল) আতিকুর রহমান।

১৯৯৮ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। শুরুতে একতলা ভবন থাকলেও পরে সেটিকে পাঁচতলা এবং পাশে আরও দুটি ভবন (একটি ছয়তলা, অন্যটি সাততলা) নির্মাণ করা হয়। মাদ্রাসা প্রাঙ্গণে আরও কয়েকটি সেমিপাকা ও টিনশেড স্থাপনা রয়েছে।

আতিকুর রহমান বলেন, যেখানে আগুন লাগে সেটি মূলত লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হয়। তবে, একটি অংশে ইসলামী আইন বিভাগের ১২ জন ছাত্র এবং শিক্ষকও থাকতেন। ছাত্ররা তখন ঘুমিয়ে পড়েছেন এবং শিক্ষকও প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় আগুনের ঘটনা ঘটে।

“ওই শিক্ষক ঠুসঠাস কিছু শব্দ পেয়ে লাইব্রেরি রুমে যান। গিয়ে দেখেন আগুন জ্বলছে। তখন তিনি ঘুমন্ত ছাত্রদের ডেকে তুলে বেরিয়ে আসেন। এবং নিরাপত্তা কর্মীকে জানিয়ে অন্য ছাত্রদেরও জানান।”

মাদ্রাসাটিতে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া বইপত্র মাঠে এনে স্তূপ করে রাখা হয়েছে। ভেতরেও কিছু পোড়া বই, কম্পিউটার, বৈদ্যুতিক ফ্যান পুড়ে দুমড়ে-মুচড়ে গেছে। কোথাও কোথাও সিলিং ও মেঝের কংক্রিট উঠে গেছে।

“ভবনটির লাইব্রেরি কক্ষটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত। এবং সেখানে কাঠ ও বোর্ড ব্যবহার করে ইন্টেরিয়র এর কাজ করা ছিল। এসব সহজে দাহ্য হওয়াতে আগুনের মাত্রা ছিল তীব্র,” সাংবাদিকদের বলেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

আগুনের উৎস বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে ধারণা করছেন বলেও জানান এ কর্মকর্তা।

আগুনের খবর পেয়ে মাদ্রাসাটিতে ভিড় করেন প্রাক্তন ছাত্ররাও। তাদের একজন মারুফ হোসেন বলেন, “মাদ্রাসায় আমরা কখনও আগুন নেভানোর যন্ত্র দেখিনি। যদিও কখনও সেভাবে আগুন লাগেনি, আবাসিক মাদ্রাসা হিসেবে যথেষ্ট নিরাপত্তা থাকার দরকার ছিল।”

আগুন লাগার খবর পেয়ে ছাত্রদের পরিবারের সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েন। তাদেরও কেউ কেউ সরাসরি মাদ্রাসায় এসে ছাত্রদের খোঁজ-খবর করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে থাকেন মো. রাকিব। তার ছোটভাই আবু সাঈদ (২০) এ মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।

তিনি বলেন, “আমার ভাই মাওলানা বিভাগে পড়েতেছে। আমরা রাতে খবর পাইনি। সকালে খবর পেয়েই ছুটে এসেছি মাদ্রাসায়। এসে জেনেছি, আমার ভাই ভালো আছে। তার কিছু হয়নি।”

চার সদস্যের তদন্ত কমিটি

এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির।

তিন কার্যদিবসের মধ্যে এ কমিটি অগ্নিকাণ্ডের সূত্রপাত, কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগামীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দেবেন কমিটির সদস্যরা।

তিনি বলেন, “আমরা জেনেছি, তাদের মাদ্রাসায় অগ্নিনির্বাপণ যন্ত্র কিংবা অগ্নিনিরাপত্তার ব্যবস্থা যেভাবে থাকার কথা তা ছিল না। কওমি মাদ্রাসাগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় চলে। আমরা সংশ্লিষ্টদের নিয়ে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের বিষয়গুলোতে আলাপ করবো।”

এদিকে, আগুনের ঘটনার তদন্তে মাদ্রাসাটিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যদেরও দেখা যায়। তারা মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলেন। পুড়ে যাওয়া কক্ষটি থেকে আলামতও সংগ্রহ করেন তারা।

এ বিষয়ে সিআইডির সদস্যরা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “সিআইডি কিছু আলামত সংগ্রহ করেছেন। এসব পরীক্ষা-নীরিক্ষার পর সিদ্ধান্তে আসা যাবে।”