১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘মন থেকে বিশ্বাস করি আমরা পারব’, শঙ্কার মাঝেও আশাবাদী হাসান

পরাজয়ের শঙ্কা জেঁকে বসলেও শেষ দিন জুটি গড়ে ম্যাচ বাঁচানোর পূর্ণ বিশ্বাস হাসান মাহমুদের।

‘মন থেকে বিশ্বাস করি আমরা পারব’, শঙ্কার মাঝেও আশাবাদী হাসান

সংবাদ সম্মেলনে কথা বলছেন হাসান মাহমুদ। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 11:38 PM

Updated : 18 Nov 2026, 11:38 PM

টেস্ট ক্রিকেটের চিরায়ত বাস্তবতাই জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিন টের পেল বাংলাদেশ। আগের দিন ভালো অবস্থায় থাকলেও, বুধবার শৃঙ্খলা ও ধারাবাহিকতার অভাবে তারা এখন পরাজয়ের দুয়ারে। তবে কঠিন পরিস্থিতি থেকেও ম্যাচ বাঁচানোর বিশ্বাস রাখছেন হাসান মাহমুদ। বাকিদের কাছে তার চাওয়া একাধিক বড় জুটির।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন কিছুই নিজেদের পক্ষে রাখতে পারেনি বাংলাদেশ। সকালের সেশনে অনায়াসে রান তুলে বড় লিড পায় দক্ষিণ আফ্রিকা। পরে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে এখন জয়ের সম্ভাবনা ছাপিয়ে পরাজয়ের মুখে সফরকারীরা।

ম্যাচের শেষ দিন ইনিংস পরাজয় এড়াতে করতে হবে আরও ৫৭ রান, উইকেট বাকি কেবল পাঁচটি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম শুরু করবেন নতুন দিনের খেলা। তাদের দুজনের পর নেই আর কোনো স্বীকৃত ব্যাটসম্যান।

অথচ দিনের শুরুতে বাংলাদেশের জন্য ছিল জয়ের সম্ভাবনা তৈরির সুযোগ। ৩ উইকেট বাকি রেখে ১৪ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। সেই অবস্থা থেকে বর্ধিত প্রথম সেশনে ৩৪.১ ওভারে ১৭১ রান যোগ করে তারা। যার সৌজন্যে পেয়ে যায় ১৫৭ রানের লিড।

আলগা বোলিংয়ের পাশাপাশি কাগিসো রাবাদার ক্যাচ মিস ও ‘নো’ বল করে ডেন প্যাটারসনকে জীবন দিয়ে প্রোটিয়াদের কাজ সহজ করেছে বাংলাদেশ। পরে ব্যাটিংয়ে নেমে রাবাদা, ইয়ানসেনের পেস ও সাইমন হার্মারের সামনে হয়ে পড়েছে অসহায়।

দিন শেষে তাই স্কোর বোর্ডে ৫ উইকেটে মাত্র ১০০ রান। বৃষ্টির কারণে আগেভাগে খেলা শেষ হওয়ায় আর বিপদ ঘটেনি দলের। পরে সংবাদ সম্মেলনে নিজেদের ভুলের জায়গা চিহ্নিত করে শেষ দিনের পরিকল্পনা জানান হাসান।

“ওদের টেইলএন্ডাররা যখন এসেছিল, তখন একটু রান খরচ হয়ে গেছে। চেষ্টা করছিলাম, এক জায়গায় বোলিং করে যাব, নিয়ন্ত্রিত বোলিং করব। কিন্তু জানি না, যে কোনো কারণে হয়নি সেটা। ওরকম চাপ তৈরি করতে পারিনি টেইলএন্ডারদের। তারপর ওরা ভালো একটা স্কোর করে।

“আমরা যখন আবার ব্যাটিংয়ে নামি, দ্রুত উইকেট পড়ে যায়। এখন আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া উপায় নেই। কালকে যদি আমরা দুই-তিনটা জুটি বা ভালো একটা দিন শেষ করতে পারি... ব্যাটসম্যানরা অবশ্যই তাদের সর্বোচ্চ চেষ্টা করবে যে, যতক্ষণ ধরে রাখতে পারি আরকি।”

প্রথম ইনিংসে এর চেয়েও বাজে শুরু করেছিল বাংলাদেশ। শুরুতে ২২ রানে পড়ে যায় ৩ উইকেট। পরে প্রাথমিক ধাক্কা সামাল দিলেও ১২১ রানে পতন ঘটে পঞ্চম উইকেটের। সেখান থেকে বাকি ৫ উইকেটে আরও ২৭৮ রান যোগ করে ৪০০ রানে থামে সফরকারীরা।

শেষ দিন ম্যাচ বাঁচানোর অভিযানে তাই প্রথম ইনিংস থেকেই প্রেরণা নিতে চান হাসান।

“ব্যক্তিগতভাবে বলব, আমি মন থেকে বিশ্বাস করি, (ম্যাচ বাঁচাতে) পারব। প্রথম ইনিংসে ২০-৩০ রানের মধ্যে তিন উইকেট পড়ে গেছিল, ওই অবস্থা থেকে আমরা ৪০০ করেছি। তো আমার এখনও বিশ্বাস হয় যে, আমরা যদি জুটি করতে পারি, ভালো একটা জুটি হয়, তাহলে সামাল দিতে পারব।”

চতুর্থ দিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল জোহানেসবার্গের আকাশ। হাসানের মতে, উইকেটের পাশাপাশি এই কন্ডিশনের সুবিধাও কাজে লাগিয়েছেন স্বাগতিক বোলাররা। সব কিছু মাথায় রেখেই ম্যাচ বাঁচানোর জন্য তাই বারবার জুটি গড়ার তাগিদ দিলেন তিনি।

“আজকে প্রায় মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল। ওদের ফাস্ট বোলারদের জন্য খুবই ভালো সময় ছিল বোলিং করার জন্য। সিম মুভমেন্ট পাচ্ছিল ওরা শুরু থেকেই। আমরা স্ট্রাগল করেছি শুরু থেকেই। এখন যদি কালকে আমরা জুটি করতে পারি, তাহলে অবশ্যই... আমরা চেষ্টা করব যে কীভাবে এখান থেকে ম্যাচ বাঁচাতে পারি।”