আফগানিস্তানের ২ ক্রিকেটারের শাস্তি
একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে আব্দুল মালিক ও ইকরাম আলিখিলের নামের পাশে।
আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন আব্দুল মালিক ও ইকরাম আলিখিল। আফগানিস্তানের এই দুই ক্রিকেটারকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ পর্যন্ত হেরে যাওয়া দ্বিতীয় টেস্টে আচরণবিধির ২.৮ ধারা ভাঙেন মালিক ও ইকরাম। যেখানে বলা হয়েছে, ‘আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষের’ কথা।
একটি করে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে মালিক ও ইকরামের নামের পাশে। ২৪ মাসের মধ্যে এটি দুই ক্রিকেটারেরই প্রথম ডিমেরিট পয়েন্ট।
আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে ঘটনাগুলো ঘটে। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হওয়ার পরও দীর্ঘ সময় ক্রিজে দাঁড়িয়ে ছিলেন মালিক। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে অঙ্গভঙ্গিও করেন তিনি।
আর ৫৪তম ওভারে কট বিহাইন্ড আউট হওয়ার পর দুই হাত ওপরে তুলে অসন্তোষ প্রকাশ করেন ইকরাম। ক্রিজ ছাড়তে তিনিও অনেকটা সময় নেন।
অভিযোগ স্বীকার করে নিয়েছেন মালিক ও ইকরাম। ম্যাচ রেফারির প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন তারা। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
