অফ-স্পিনে দুর্বলতা মেনে মিরাজ-চ্যালেঞ্জের অপেক্ষায় বাভুমা
সাম্প্রতিক সময়ে অফ স্পিনারদের বিপক্ষে ধুঁকছেন টেম্বা বাভুমা, সামনের সিরিজে তাই মেহেদী হাসান মিরাজকে নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক।
ডারবান টেস্টের দুই ইনিংসেই ক্যাচ আউট, কেপ টাউনে দুবার বোল্ড- চারবারই টেম্বা বাভুমার ঘাতক অভিন্ন, প্রতিপক্ষ দলের অফ স্পিনাররা। সামনের সিরিজেও তার জন্য অপেক্ষায় আরেকজন অফ স্পিনার- মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনে নিজের ঘাটতি মেনে নিয়েই সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য তৈরি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।
জোহানেসবার্গে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরুর আগে আলোচনার বড় অংশজুড়ে দুই দলের পেসাররা। উইকেট-কন্ডিশন বিবেচনায় ম্যাচে বড় ভূমিকা থাকবে পেসারদেরই।
তবে এর মাঝেই বাভুমাকে মনে করিয়ে দেওয়া হয় মিরাজের কথা। তবে সম্ভাব্য চ্যালেঞ্জে থেকে পালাতে চান না প্রোটিয়া অধিনায়ক। বরং নিজের টেকনিক শুধরে মিরাজকে মোকাবিলা করতে উদগ্রীব ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান।
অফ স্পিনের বিপক্ষে বাভুমার দুর্বলতার প্রকটভাবে ফুটে ওঠে গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। তিন ম্যাচের পাঁচ ইনিংসে চারবারই তিনি আউট হন অফ স্পিনারের বলে। ডারবানে প্রথম টেস্টের দুই ইনিংসে নাথান লায়ন ও ম্যাট রেনশর বলে ড্রেসিং রুমের পথ ধরেন তিনি।
ব্যর্থতা ভুলে গেবেখায় তিনি খেলেন ম্যাচ জেতানো ১৭৯ রানের ইনিংস। তবে কেপ টাউনে আবার ফিরে আসে অফ স্পিন জুজু। দুই ইনিংসেই প্রোটিয়া অধিনায়ককে বোল্ড করে অল্পে থামান অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফ স্পিনার।
সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে ২০ বার অফ স্পিনারের বিপক্ষে উইকেট হারিয়েছেন বাভুমা। এই তালিকায় আছে মিরাজেরও নাম। ২০২২ সালে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্টে একবার করে বাভুমাকে ফিরিয়েছেন বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার।
এছাড়া সার্বিকভাবে ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে মিরাজের রেকর্ডও দারুণ। এখন পর্যন্ত ক্যারিয়ারে ২৩৫ উইকেটের মধ্যে ১৩৫টিই ডানহাতি ব্যাটসম্যানদের। গত অগাস্টে ডারউইনে ঐতিহাসিক সাফল্যের ম্যাচেও অস্ট্রেলিয়ার চার ডানহাতি ব্যাটসম্যানকে ফেরান তিনি।
এমনিতে ক্যারিয়ার গড় ৩৮.৩৬ হলেও, অফ স্পিনারদের বিপক্ষে আউট হওয়া ইনিংসগুলোতে বাভুমার গড় ২৯.৩৫। তাই পেস সহায়ক কন্ডিশনেও ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অফ স্পিন তথা মিরাজ-চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেওয়া হয় তাকে।
প্রোটিয়া অধিনায়কও তাই মিরাজের অফ স্পিনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত।
“আমার মনে হয় নিজের সংগ্রামের জায়গাগুলো তো ছিলই, তাই না? আসলে পুরো ক্যারিয়ারজুড়েই ডানহাতি অফ-স্পিনের বিপক্ষে খেলতে গিয়ে আমাকে ভুগতে হয়েছে। সেটা টেকনিক্যাল কোনো সমস্যা হোক বা মানসিক, তা বলাই যায়। এখন মেহেদীর বিপক্ষেও সেই চ্যালেঞ্জটা থাকবে।
উত্থান-পতনের ক্যারিয়ারে বিভিন্ন সময় নির্দিষ্ট ঘরানার বোলারদের বিপক্ষে সংগ্রামের অভিজ্ঞতা রয়েছে বাভুমার। ২০১৫ সালে শুরু হওয়া ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৭ বার বাঁহাতি বোলারদের বিপক্ষে আউট হয়েছেন তিনি।
তবে সাম্প্রতিক সময়ে সেই দুর্বলতা কাটিয়ে উঠেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। গত তিন বছরে পাঁচবারের বেশি তাকে আউট করতে পারেননি প্রতিপক্ষের বাঁহাতি বোলাররা। একসময়ের দুর্বলতা কাটিয়ে ওঠা থেকেই প্রেরণা নিতে চান বাভুমা।
“আমার মনে আছে, ক্যারিয়ারের শুরুর দিকে বাঁহাতি বোলিংয়ের বিপক্ষে আমি বেশ ভুগতাম। তো হ্যাঁ, এখন হয়তো আমার খেলার তেমনই একটা পর্যায় যাচ্ছে। তাই আমি বিষয়টিতে হয়তো আরেকটু বেশি মনোযোগ দিচ্ছি। ব্যাটিংয়ের সময় আমি যে পজিশনগুলোতে যাচ্ছি, সেগুলো নিয়ে কাজ করছি। তবে হ্যাঁ, আমি এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য মুখিয়ে আছি।”
