২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

ধ্বংসস্তূপে বুক চিতিয়ে লড়ে বাভুমার সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার বিপক্ষে গেবেখায় ধৈর্যশীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

ধ্বংসস্তূপে বুক চিতিয়ে লড়ে বাভুমার সেঞ্চুরি

টেম্বা বাভুমা। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 06:23 PM

Updated : 20 Oct 2026, 07:01 PM

প্যাট কামিন্সের টেনে করা ডেলিভারিতে সজোরে পুল করলেন টেম্বা বাভুমা। ডিপ মিডউইকেট দিয়ে বল বাউন্ডারিতে পৌঁছানোর পর ব্যাট-হেলমেট দুই হাতে উঁচিয়ে ধরে হুঙ্কার দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। দলের ভীষণ বিপদে একপ্রান্ত আগলে রেখে চমৎকার এক সেঞ্চুরি উপহার দিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত গেবেখা টেস্টে তৃতীয় দিন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন বাভুমা। নবম ওভারে ক্রিজে গিয়ে ধৈর্যশীল ব্যাটিংয়ে ৯০তম ওভারে সেঞ্চুরি ছুঁয়েছেন তিনি, ২২৬ বলে।

টেস্টে এটি বাভুমার পঞ্চম সেঞ্চুরি। যার মধ্যে চারটিই করলেন তিনি অধিনায়ক হিসেবে।

আর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ডারবানে হেরে যাওয়া প্রথম টেস্টের দুই ইনিংসেই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি বাভুমা। দ্বিতীয় টেস্টে এসে ব্যাট হাতে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন মিডল অর্ডার ব্যাটসম্যান।

১২ রানে যখন দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা, ক্রিজে যান বাভুমা। ৪০ রানে চতুর্থ এবং ১১০ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে অল্পে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে স্বাগতিকরা।

তবে হাল ছাড়েননি বাভুমা। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্তে লড়ে যান তিনি।

মঙ্গলবার তাকে সঙ্গ দেন মার্কো ইয়ানসেন। সপ্তম উইকেটে তাদের ১৩২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা।

১৪০ বলে ফিফটি স্পর্শ করেন বাভুমা। আগ্রাসী ব্যাটিংয়ে রান বাড়িয়ে ইয়ানসেন পঞ্চাশে পা রাখেন ৪৩ বলে। তিনি ৮৫ রান করে ফিরলেও, দলের ও নিজের রান বাড়াতে থাকেন বাভুমা।

শেষ পর্যন্ত দিনের দ্বিতীয় সেশনে এসে তিন অঙ্কে পা রাখেন তিনি।

টেস্টে প্রায় দুই বছর পর সেঞ্চুরির স্বাদ পেলেন বাভুমা। ২০২৫ সালের জানুয়ারিতে কেপ টাউনে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরিটি করেন তিনি।

বাভুমার নৈপুণ্যে তিনশ ছাড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকার রান।