১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সাকিবের রেকর্ডের পর প্রকৃতির বাগড়ায় ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে চতুর্থ দিন শেষে ৪৫ রানে এগিয়ে আছে পাকিস্তান।

সাকিবের রেকর্ডের পর প্রকৃতির বাগড়ায় ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট

সাকিব খানকে আলিঙ্গন করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 08:11 PM

Updated : 12 Nov 2026, 08:11 PM

দিন বদলাতেই যেন বদলে গেল পাকিস্তানের বোলিংয়ের ধার। আগের দিনে স্রেফ এক উইকেট নিতে পারা দলটি নতুন সকালের শুরুতেই শ্রীলঙ্কার শেষ ছয় উইকেট তুলে নিল। রেকর্ড গড়া বোলিংয়ে যেখানে সবচেয়ে বড় অবদান রাখলেন অভিষিক্ত সাকিব খান। পরে আলোকস্বল্পতায় ভেস্তে গেল প্রায় দুই সেশন।

রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার ৪ উইকেটে ৪০৪ রান নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কাকে ৪৪৬ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে পাকিস্তান। এক উইকেট হারিয়ে ৫৭ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে তারা। এখন স্বাগতিকরা এগিয়ে আছে ৪৫ রানে।

প্রকৃতির বাগড়ায় এদিন খেলা হয়েছে কেবল ৩৬.৪ ওভার।

চার দিনেও শেষ হয়নি ম্যাচের তৃতীয় ইনিংস। বলা যায়, ড্র-ই হতে যাচ্ছে লড়াইয়ের সবচেয়ে সম্ভাব্য ফল।

এদিন অসাধারণ বোলিং করে ১৩০ রান খরচায় ৭ উইকেট নেন সাকিব। টেস্ট অভিষেকে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি পাকিস্তানের কেউ। নিজের প্রথম টেস্টে এই পেসারের সমান সাতটি করে উইকেট নিয়েছেন আর তিনজন পাকিস্তানি- পেসার মোহাম্মাদ জাহিদ, অফ স্পিনার মোহাম্মাদ নাজির ও লেগ স্পিনার আবরার আহমেদ।

দ্বিতীয় দিন লঙ্কানদের তিন উইকেট নেওয়া পাকিস্তান গতকাল নিতে পারে স্রেফ একটি। আর সাকিবের নৈপুণ্যে চতুর্থ দিনে কেবল ৪২ রানে প্রতিপক্ষের শেষ ৬ উইকেট তুলে নেয় তারা।

দিনের পঞ্চম বলেই লঙ্কান শিবিরে ছোবল হানেন সাকিব। আগের দিনের ১৬৭ রানের সঙ্গে কোনো রান যোগ না করেই কট বিহাইন্ড হন ধানাঞ্জায়া ডি সিলভা। তার বিদায়ে ভাঙে কুসাল মেন্ডিসের সঙ্গে ২৪৯ রানের জুটি।

১১৭ রান নিয়ে দিন শুরু করা মেন্ডিসকেও বেশিক্ষণ টিকতে দেননি সাকিব। দিনে নিজের তৃতীয় ওভারে লঙ্কান অধিনায়ককেও কট বিহাইন্ড করে দেন তিনি। ১১৯ রানে ড্রেসিং রুমে ফেরেন মেন্ডিস।

দুই সেঞ্চুরিয়ানের বিদায়ের পর বেশিক্ষণ স্থায়ী হয়নি শ্রীলঙ্কার ইনিংস। সাকিবের চমৎকার বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা।

সোনাল দিনুশাকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন আগের দিন দুই শিকার ধরা সাকিব। টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়া পাকিস্তানের ষোড়শ ক্রিকেটার তিনি।

নিজের পরের দুই ওভারেও দুই শিকার ধরেন সাকিব। লাহিরু কুমারাকে এলবিডব্লিউ করার পর, আসিথা ফার্নান্দোকে কট বিহাইন্ড করে ফেরান তিনি। মিলান রাত্নায়েকেকে বিদায় করে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন রাজাউল্লাহ।

১২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং নেমে শুরুতেই তাইয়াব আরিফকে হারায় পাকিস্তান। আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন প্রথম ইনিংসে ফিফটি করা অভিষিক্ত ব্যাটসম্যান।

দিনের বাকি যেটুকু সময় খেলা হয়েছে, তাতে দলকে আর বিপদে পড়তে দেননি আজান আওয়াইস ও মোহাম্মাদ তাহা। ২২ রানে খেলছেন আজান, ২৪ রানে অপরাজিত আছেন তাহা।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)

পাকিস্তান ১ম ইনিংস: ৪৩৪/৯ ডিক্লে.

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১১৭.২ ওভারে ৪৪৬ (আগের দিন ৪০৪/৪) (ধানাঞ্জায়া ১৬৭, মেন্ডিস ১১৯, দিনুশা ২০, রাত্নায়েকে ১২, লাহিরু ০, আসিথা ৪, মাদুশাঙ্কা ০*; আব্বাস ৩৩-১২-৬৮-২, সাকিব ৩৪-৫-১৩০-৭, রাজাউল্লাহ ২৬.২-২-১৪০-১, মিনহাস ২১-২-৯২-০, সালমান ৩-১-৯-০)

পাকিস্তান ২য় ইনিংস: ২১.২ ওভারে ৫৭/১ (আজান ২২*, আরিফ ১১, তাহা ২৪*; আসিথা ৫-১-১০-১, মাদুশাঙ্কা ৩-১-১৫-০, লাহিরু ৭.২-২-১৯-০, রাত্নায়েকে ৬-২-১৩-০)