অভিষেকে ৭ উইকেট নিয়ে সাকিবের রেকর্ড
পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড স্পর্শ করেছেন এই পেসার।
দিনের প্রথম ওভারেই সেঞ্চুরিয়ান ধানাঞ্জায়া ডি সিলভাকে ফিরিয়ে দিলেন সাকিব খান। আরেক সেঞ্চুরিয়ান কুসাল মেন্ডিসকেও বিদায় করলেন তিনি। আগের দিনের দুই উইকেটের সঙ্গে আরও পাঁচটি নিয়ে টেস্ট অভিষেকেই রেকর্ডের খাতায় নাম লেখালেন পাকিস্তানের এই পেসার।
শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ১৩০ রান দিয়ে ৭ উইকেট নেন সাকিব। ডানহাতি এই পেসারের ছোবলে ৪২ রানে শেষ ৬ উইকেট হারিয়ে চতুর্থ দিনের প্রথম সেশনেই গুটিয়ে যায় লঙ্কানরা।
পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড স্পর্শ করলেন সাকিব।
দেশটির স্রেফ দ্বিতীয় পেসার হিসেবে নিজের প্রথম টেস্টেই ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। ১৯৯৬ সালে রাওয়ালপিন্ডিতেই নিউ জিল্যান্ডের বিপক্ষে ৬৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন মোহাম্মাদ জাহিদ। পাকিস্তানের টেস্ট ইতিহাসে যা এখনও অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড।
পাকিস্তানের জার্সিতে অভিষেকে ৭ উইকেট নেওয়ার কীর্তি প্রথম গড়েন মোহাম্মাদ নাজির। ১৯৬৯ সালে করাচিতে কিউইদের বিপক্ষে ৯৯ রানে ৭ উইকেট নেন এই অফ স্পিনার।
সাকিবের আগে সবশেষ এই ক্লাবে পা রাখেন আবরার আহমেদ। ২০২২ সালে মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে ১১৪ রানে ৭ শিকার ধরেন এই লেগ স্পিনার।
তৃতীয় দিন অভিজ্ঞ দিনেশ চান্দিমালকে ফিরিয়ে টেস্টে নিজের প্রথম উইকেটের স্বাদ পান ৩১ বছর বয়সি সাকিব। পরে লাহিরু উদারাকে কট বিহাইন্ড করেন তিনি।
নতুন দিনের পঞ্চম বলেই ধানাঞ্জায়া ও মেন্ডিসের ২৪৯ রানের জুটি ভাঙেন সাকিব। কট বিহাইন্ড হয়ে আগের দিনের ১৬৭ রানের সঙ্গে কোনো রান যোগ করতে পারেননি ধানাঞ্জায়া।
১১৭ রান নিয়ে দিন শুরু করা মেন্ডিসকেও বেশিক্ষণ টিকতে দেননি সাকিব। দিনে নিজের তৃতীয় ওভারে লঙ্কান অধিনায়ককেও কট বিহাইন্ড করে দেন তিনি। ১১৯ রানে ড্রেসিং রুমে ফেরেন মেন্ডিস।
সোনাল দিনুশাকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন সাকিব। টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়া পাকিস্তানের ষোড়শ ক্রিকেটার তিনি। লাহিরু কুমারাকে এলবিডব্লিউ করার পর, আসিথা ফার্নান্দোকে কট বিহাইন্ড করে সাত উইকেট পূর্ণ করেন সাকিব।
মিলান রাত্নায়েকেকে বিদায় করে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন রাজাউল্লাহ। ৪ উইকেটে ৪০৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা লঙ্কানরা গুটিয়ে যায় ৪৪৬ রানে। লিড নিতে পারে কেবল ১২ রানের।
