লিটনের রেকর্ডের পর বজ্রবৃষ্টির দাপট
বিরূপ আবহাওয়ার কারণে হারিয়ে গেছে তৃতীয় দিনের ৬২ ওভার।
কখনও বৃষ্টি, কখনও কালো মেঘের আনাঘোনা। লম্বা সময় ধরে চলল বজ্রপাত। তাতে ভেসে গেল তৃতীয় দিনের দুই সেশন। দ্বিতীয় নতুন বলে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরার সম্ভাবনা জাগালেও তাই হতাশা নিয়ে থামতে হলো বাংলাদেশকে।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মঙ্গলবার লাঞ্চ বিরতির পর এক বলও খেলা হয়নি। পরিস্থিতি উন্নতির আশা না দেখে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। ফলে হারিয়ে যায় দিনের ৬২ ওভার।
প্রথম সেশনের ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৯ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৩৮৬ রান। এখনও বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে তারা।
এদিন প্রোটিয়াদের হারানো তিন উইকেটের সবকটি ক্যাচই নেন লিটন কুমার দাস। এর আগের দিন চার উইকেটের তিনটি ক্যাচ নেন তিনি। এখন পর্যন্ত ৬টি ক্যাচ নিয়ে ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ক্যাচের রেকর্ড নিজের করেছেন ৩২ বছর বয়সী কিপার।
কলম্বোতে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিম ও ওয়েলিংটনে ২০১৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে বদলি কিপার হিসেবে ইমরুল কায়েস নিয়েছিলেন ৫ উইকেট। দুজনকে টপকে দেশের রেকর্ড গড়ে বিশ্ব রেকর্ডেরও খুব কাছে লিটন।
টেস্ট ইতিহাসে কিপার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি করে ক্যাচ নিয়েছেন- পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউ জিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলে জ্যাকবস ও জশুয়া দা সিলভা। বুধবার একটি ক্যাচ পেলেই সেই রেকর্ড স্পর্শ করে ফেলবেন লিটন।
তবে দিনের শুরুটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। দুই অপরাজিত ব্যাটসম্যান টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটনকে হাত খুলে রান করা থেকে আটকে রাখলেও জুটি ভাঙতে পারছিল না বাংলাদেশ।
এর মাঝে দ্বিতীয়বার জীবন পান রিকেলটন। দিনের শুরুতেই মেহেদী হাসান মিরাজের বলে শর্ট কভারে ক্যাচ ছেড়ে দেন অভিষিক্ত মাহফিজুল ইসলাম। শূন্য রানে প্রথম জীবন পাওয়া রিকেলটন তখন ছিলেন ৩০ রানে।
বেঁচে গিয়ে আর ভুল করেননি দক্ষিণ আফ্রিকার কিপার-ব্যাটার। অধিনায়ককে সঙ্গে নিয়ে পুরোনো বল নিরাপদেই কাটিয়ে দেন তিনি। তবে প্রোটিয়াদের বিপদ ডেকে আনে বাভুমার পায়ের পেশির অস্বস্তি। মাঠেই একবার শুশ্রূষা নেন তিনি।
তবে তাতেও কাজ না হলে ব্যক্তিগত ৪৯ রানে মাঠ ছেড়ে যান বাভুমা। এর আগের ওভারেই দ্বিতীয় নতুন বল নেয় বাংলাদেশ। বাভুমা উঠে গেলে ৭৯ রানে থামে রিকেলটনের সঙ্গে তার জুটি।
এরপর ক্রিজে গিয়ে টিকতে পারেননি ভিয়ান মুল্ডার। তাসকিনের অফ স্টাম্পের অনেক বাইরের বল দূর থেকে খেলে কট বিহাইন্ড হন তিনি। পরের ওভারে মার্কো ইয়ানসেনকেও উইকেটের পেছনে ক্যাচ বানান তাসকিন।
অগ্রজের জোড়া আঘাতের পর উইকেট শিকারে যোগ দেন হাসান মাহমুদ। তার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ড্রাইভ খেলার চেষ্টায় লিটনের গ্লাভসে ধরা পড়েন সাইমন হার্মার। দ্বিতীয় নতুন বলে ছয় ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
প্রথম সেশনের বাকি সময়ে আর উইকেট পড়তে দেননি রিকেলটন ও কাগিসো রাবাদা। স্বাগতিকদের আশার আলো হয়ে ৫৬ রানে অপরাজিত রিকেলটন। এছাড়া উইকেট পড়লে আবার ব্যাট করতে নামবেন বাভুমা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৪০০
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ২৮৭/৪) ৯০ ওভারে ৩৮৬/৭ (বাভুমা ৪৯ আহত অবসর, রিকেলটন ৫৬*, মুল্ডার ০, ইয়ানসেন ৮, হার্মার ১, রাবাদা ৫*; তাসকিন ২৩-৪-৮৮-২, হাসান ২০.৪-৩-৭২-৪, ইবাদত ৭-০-৩৬-০, মিরাজ ২৫.২-২-১২০-০, মুমিনুল ১৪-১-৫৯-১)
