চাঁদপুরে বিএনপি কার্যালয়ে আগুন
পুলিশ জানায়, কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া।
ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা নিন্দনীয়। এ ঘটনার প্রতিবাদ জানাই। যারা এ কাজ করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মফিজুল ইসলাম বলেন, ৫ অগাস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও যারা এলাকায় রয়েছেন, তাদের কেউ কেউ আবার সক্রিয় হচ্ছেন বলে আমরা মনে করি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
ওসি মানস বড়ুয়া বলেন, কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
