১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ল গাড়ি-নথি

দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কার্যালয়ে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 02:24 PM

Updated : 15 Nov 2026, 02:24 PM

সিলেট নগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি পুড়ে গেছে।

রোববার রাত ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল কার্যালয়ের জোনাল অফিসার আবুল হোসেন।

তিনি বলেন, ভোররাতে কার্যালয়ের পাহারাদার ফোন করে আগুন লাগার খবর দেন। পরে তিনি আরও তিনজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান।

আবুল হোসেন বলেন, আগুনে ব্যাংকের কাগজপত্র ও একজন কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় সকালে শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আশপাশের কয়েকটি সিসিটিভি ভিডিও সংগ্রহ করেছে পুলিশ।

তিনি বলেন, এর দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। তবে সেটি ছিল গুজব। কিন্তু রোববার রাতে অজ্ঞাত ব্যক্তিরা সত্যিই কার্যালয়ে আগুন দিয়েছে।

শাহপরাণ থানার ওসি ফেরদৌস আহমদ বলেন, এ ঘটনায় জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে গিয়ে দেখেন, ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।