ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে আগুন
ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলি।
স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম আজাদ বলেন, গভীর রাতে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভান। তবে এর আগেই কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, আগুন দেওয়ার খবর পেয়ে সেখানে দলীয় নেতাকর্মীদের পাঠানো হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
ওসি জুলফিকার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
