১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘এককালীন ১০ লাখ, মাসে এক লাখ’: চাঁদাবাজির চাপে ইন্টারনেট ব্যবসা

একসময় ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যে সংঘাত, হামলা ও খুনোখুনি চলত, ইন্টারনেট ব্যবসাও কি সেই পরিস্থিতির দিকে যাচ্ছে।

গোলাম মর্তুজা অন্তু গোলাম মর্তুজা অন্তু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 01:47 AM

Updated : 17 Nov 2026, 01:47 AM

রাজধানীর রামপুরায় ইন্টারনেট সেবার যে কোম্পানির অফিসে ঢুকে একদল যুবক এলোপাতাড়ি গুলি চালিয়েছে, সেখানে গত চার মাস ধরেই চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল একটি ‘সন্ত্রাসী চক্র’।

রোববার সন্ধ্যায় ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ কার্যালয়ে ওই ঘটনায় গুলিবিদ্ধ হন দুই কর্মী। এ আইএসপির ব্যবস্থাপকের দাবি, এককালীন ১০ লাখ টাকা এবং প্রতি মাসে এক লাখ টাকা করে চাঁদা চাওয়া হয়েছিল তাদের কাছে।

এই হামলার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ইন্টারনেট সেবার কোম্পানিগুলোর মধ্যে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, একসময় ঢাকার কেবল টিভি বা ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যে সংঘাত, হামলা ও খুনোখুনি চলত, ইন্টারনেট ব্যবসাকেও এখন সেই পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) বলছে, চাঁদার দাবিতে হামলা ও হুমকির বিষয়ে প্রতি মাসেই ডজনখানেক অভিযোগ পাচ্ছে তারা।

কিন্তু এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যালয় পরিদর্শন, ভুক্তভোগী ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানানো ছাড়া কার্যকর কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাদের নেই।

ঢাকা মহানগর পুলিশের তদন্তসংশ্লিষ্ট তথ্য এবং বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদন বলছে, ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও এলাকার আধিপত্যের দ্বন্দ্বে গত দেড় বছরে রাজধানীতে অন্তত দুজন নিহত হয়েছেন। দুজনই বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা বা কর্মী ছিলেন।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ইন্টারনেট সেবার কোম্পানিগুলোতে চাঁদার দাবিতে হামলার বেশ কিছু ঘটনা ঘটেছে।

গত জুলাইয়ে চট্টগ্রামের বাকলিয়া রোডে ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নাম আসে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনের। পরে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত ৯ জুন রাতে ঢাকার লালমাটিয়ায় ডট ইন্টারনেটের প্রধান কার্যালয়ে হামলার ঘটনাও আলোচনায় আসে।

আইএসপিগুলোর কার্যালয়ে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানাতে এবং এসব ঘটনা বন্ধের দাবিতে ১৪ জুন ঢাকায় সংবাদ সম্মেলন করে আইএসপিএবি।

সেখানে রাজধানীর মোহাম্মদপুর ও বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ায় হামলার তথ্য তুলে ধরা হয়।

কী ঘটেছে স্পিড টাচ কার্যালয়ে?

রোববার সন্ধ্যায় ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’র কার্যালয়ে কীভাবে হামলা হয়, তার বিবরণ দিয়েছেন কোম্পানির ব্যবস্থাপক মো. পলাশ।

তিনি বলেন, গত জুলাই মাস থেকে তাদের ওখানে চাঁদা চাওয়া হচ্ছিল। রোববার সন্ধ্যা ৭টার দিকে তাদের অফিসে ঢুকেই গুলি শুরু করে চার যুবক।

“ওরা তো এখানে ঢুকে কোনো কথাই বলেনি। কেন টাকা দেইনি, সেজন্য গালিগালাজ করতে করতে গুলি করছে।”

হামলাকারী চারজনের মধ্যে একজনের হাতে পিস্তল ছিল জানিয়ে পলাশ বলেন, “দুজনকে গুলি করার পর ওরা আরও গুলি করতে অস্ত্র তাক করেছিল, কিন্তু অস্ত্রটা ‘লক’ হয়ে যাওয়ায় গুলি বেরোয়নি। পরে যাওয়ার সময় তারা ককটেল ফাটিয়ে চলে যায়।”

গত জুলাইয়ে চাঁদা দাবির ঘটনা তুলে ধরে পলাশ বলেন, “ওই সময়ও মাস্ক পরা দুইজন আসছিল। সেসময় এসে তারা কিছুই বলেনি। এসে ফোন ধরিয়ে দিল।

“তখন ফোনের ওই প্রান্ত থেকে বলা হয়, ১০ লাখ টাকা এককালীন দিতে হবে একদিনের ভেতরে ও এক লাখ টাকা প্রতিমাসে দিতে হবে।”

কারা চাঁদা দাবি করেছে জানতে চাইলে পলাশ বলেন, “ওরা বলে গেছিল, ‘আমরা গুঁজা বাদশা ভাইয়ের লোক’। ওরা তখন সময় দিছিল ২৪ ঘণ্টা। এর পরে অক্টোবরের শুরুর দিকে এসে আবার হুমকি দিয়ে গেছে।”

জুলাইয়ে হুমকি পাওয়ার পর কোম্পানির পক্ষ থেকে আইএসপিএবিতে অভিযোগ করা হয়েছিল জানিয়ে পলাশ বলেন, “দীর্ঘদিন কোনো ঝামেলা হয়নি। মাঝখানে যখন অনেকদিন চলে গেল তখন আমরা ভেবেছি হয়ত অ্যাকশন হয়েছে, বিষয়টা থেমে গেছে।

“আমরা তখন তেমন গুরুত্ব দিইনি। রোববার যে ঘটনা ঘটেছে, তাতে আমরা ধারণা করছি ওই চাঁদার দাবিতেই হামলাটা হয়েছে।”

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, “আমরা মাসে এরকম এক ডজনের মত অভিযোগ পাচ্ছি। কিন্তু আমরা তো আসলে পুলিশিংটা করতে পারি না। আমরা যেটা করি, সকল ব্যবসায়ী মিলে ভুক্তভোগী ব্যবসায়ীকে যাতে একটু নিরাপত্তা দেওয়া যায়, সেই চেষ্টা করি।

“সবাই মিলে একসঙ্গে মুভ করার চেষ্টা করি। কিন্তু আইন-কানুন, বিচার ব্যবস্থা… আমরা তো আর রায় দিয়ে দিতে পারি না। রামপুরার বিষয়টি নিয়ে আমরা অচিরেই আইসিটি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার সঙ্গে আলোচনার চেষ্টা করছি।”

হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান সোমবার সন্ধ্যায় বলেন, রামপুরার ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। পুলিশ জড়িতদের ধরার ‘চেষ্টা’ চালাচ্ছে।

Image

রামপুরা ওয়াপদা রোডে ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ নামে প্রতিষ্ঠানটিতে গুলির ঘটনার পর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রোববার সন্ধ্যায় রামপুরায় স্পিড টাচ নেটওয়ার্ক কার্যালয়ে গুলিতে দুই কর্মী আহত হন।

ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে খুনোখুনি

ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকার আধিপত্য নিয়ে সংঘাতের ঘটনা নতুন নয়। গত বছরের ২৫ মে রাজধানীর বাড্ডায় খুন হন স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধন। তিনি ইন্টারনেট ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।

পরে গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে আসে, ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি ও এলাকার আধিপত্যের দ্বন্দ্ব থেকে ওই হত্যাকাণ্ড ঘটে।

এরপর চলতি বছরের ২৪ জুলাই রাজধানীর মিরপুরে খুন হন যুবদল কর্মী মো. ইউসুফ (৪৫)। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন আরও দুজন।

ওই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা হাফিজুল ইসলাম ওরফে সিএনজি হাফিজ। হামলার লক্ষ্য ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু।

গোয়েন্দা পুলিশের ভাষ্য, ময়লার ঠিকাদারি, ফুটপাতের চাঁদা এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আরিফুল ইসলাম ওরফে ডিশ বাবুর ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে ওই হামলার পরিকল্পনা করা হয়েছিল। তবে মূল ‘টার্গেট’ না হয়েও গুলিতে প্রাণ যায় ইউসুফের।

এই দুটি হত্যাকাণ্ডের বাইরে ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন এলাকায় আরও অনেক বিরোধ চলছে বলে জানাচ্ছেন খাতসংশ্লিষ্টরা।

তাদের ভাষ্য, ছোটখাটো হামলা, হুমকি ও চাপ প্রয়োগের ঘটনা নিয়মিত ঘটছে। বেশিরভাগ ব্যবসায়ীই ঝামেলা এড়াতে আপসের পথ বেছে নিচ্ছেন।

ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জেরে গত বছরের ২৫ মে রাজধানীর বাড্ডায় খুন হন স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধন।

‘ব্যবসায়ীরা আর কয়জনকে টাকা দেবে’

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহক ছিল ১৩ কোটি ৭৮ লাখ। এর মধ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) সেবার গ্রাহক এক কোটি ৫৫ লাখ।

দেশে বর্তমানে ১০৯টি কোম্পানি জাতীয় পর্যায়ে আইএসপি লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। বিভাগীয় পর্যায়ে লাইসেন্সধারী কোম্পানি ৩০৩টি, জেলা পর্যায়ে ১৫১টি এবং উপজেলা পর্যায়ে ১ হাজার ৮৫২টি।

বিভাগীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের আইএসপিগুলো নেশনওয়াইড আইএসপি লাইসেন্সধারীদের কাছ থেকে পাইকারি দরে ব্যান্ডউইডথ কিনে স্থানীয় পর্যায়ে সরবরাহ করে। দেশের ইন্টারনেট কানেক্টিভিটির অনেকটাই এই আইএসপি ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিমের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের সদস্য সংখ্যা প্রায় ২ হাজার ২০০।

খাতসংশ্লিষ্টদের ভাষ্য, চাঁদাবাজি ও স্থানীয় প্রভাবশালীদের চাপ থেকে এই ব্যবসায়ীদের খুব কমসংখ্যকই মুক্ত থাকতে পারছেন।

গত জুলাইয়ে চট্টগ্রামের বাকলিয়া রোডে ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার এক তরুণ ইন্টারনেট ব্যবসায়ী বলেন, অধিকাংশ কোম্পানি পাইকারি দরে ব্যান্ডউইডথ কিনে যত বেশি সম্ভব গ্রাহককে সংযুক্ত করার চেষ্টা করে। পাড়া-মহল্লা বা গলিভিত্তিক তাদের নিজস্ব লোক থাকে, যাদের অনেকেই স্থানীয় রাজনৈতিক দলের প্রভাবশালী কর্মী বা পেশিশক্তির অধিকারী। বাসাবাড়িতে কোম্পানির সংযোগ পৌঁছে দেওয়াই মূলত তাদের কাজ।

আগে এরাই বাড়ি বাড়ি গিয়ে মাসিক বিল আদায় করতেন। এখন বেশিরভাগ কোম্পানি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিল আদায় করে। সেখান থেকে পাড়া মহল্লার প্রতিনিধিদের মাসওয়ারি একটা টাকা দেওয়া হয়।

ওই ব্যবসায়ীর ভাষ্য, ২০২৪ সালের জুলাই-অগাস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই স্থানীয় পর্যায়ে নানা সমস্যা তৈরি হতে থাকে। বিশেষ করে বিএনপির কিছু নেতা ও তাদের অনুসারীরা ইন্টারনেটের সংযোগ দিতে বাধা দিতে শুরু করেন এবং টাকা দাবি করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর পরিস্থিতি ‘আরও খারাপ হয়েছে’ বলে তার অভিযোগ।

তিনি বলেন, কোনো কোনো এলাকায় ব্যবসায়ীরা বিএনপি নেতাদের ব্যবসার অংশীদার করে নিয়েছেন। কোথাও স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে আপস করছেন।

“আবার অনেক এলাকায় একাধিক নেতা, একাধিক সন্ত্রাসী গোষ্ঠী। ব্যবসায়ীরা আর কয়জনকে টাকা দেবে? সেসব এলাকায় সমস্যা আরও জটিল হচ্ছে।”

আইএসপিএবির সাবেক সভাপতি ইমদাদুল হক বলেন, “সরকার কঠোর না হলে শুধু আমাদের সঙ্গেই না, বিভিন্ন জায়গায় এরকম ঘটতেই থাকবে। যেমন চট্টগ্রামের ঘটনাটা সরকার ভালোভাবে হ্যান্ডেল করছে, মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে।

“ঢাকার ঘটনাতে এরকম শক্ত পদক্ষেপ নিতে পারলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কিছুটা কমবে। মেইন কথা হচ্ছে অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে। দিনে দুপুরে এরকম ঘটনা ঘটবে, এটা তো ঠিক না।”

প্রান্তিক পর্যায়ের অনেক ব্যবসায়ী চাপে পড়ে আপস করছেন। আবার অনেকে চাঁদাবাজদের চাহিদামত টাকা দেওয়ার সামর্থ্যও রাখেন না।

ইমদাদুল হক বলেন, “চাঁদাবাজরা দাবি করেছে এককালীন ১০ লাখ আর প্রতিমাসে এক লাখ করে। চিন্তা করছেন! এখন যে সিচুয়েশন আর কম্পিটিশন, তারা কোত্থেকে এত টাকা দেবে? কেউ কেউ তো মাসেই এতে টাকার ব্যবসা করতে পারে না। সরকারকে এ বিষয়ে অবশ্যই কঠোর হতে হবে।”

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, “ইন্টারনেটের এই অবকাঠামোগুলোকে জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে চিহ্নিত করে এগুলোকে বন্ধ করে দেওয়া, হামলা করা, বাধা দেওয়া—এসব ক্ষেত্রে জেল-জরিমানার বিধান রাখার দাবি আমরা সরকারের কাছে জানিয়ে আসছিলাম। এখন পর্যন্ত সরকার থেকে পজিটিভ কিছু বলেনি। আমরা ট্রাই করব উপদেষ্টা কিংবা মন্ত্রী মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার জন্য।”