২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর মাথা উঁচু করে টিকে থাকবে: ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

“তৌফিক ইমরোজ খালিদী বিশ্বাস করতেন, বাংলাদেশের গল্প বাংলাদেশের মাটিতেই আছে। আর সেই গল্প বিশ্বকে বলতে হবে মাথা উঁচু করে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 05:50 PM

Updated : 26 Nov 2026, 07:12 PM

শুধু ডিজিটাল যুগের সূচনা নয়, সাংবাদিকতার চেহারাটাই তৌফিক ইমরোজ খালিদী বদলে দিয়েছেন বলে মনে করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক খালিদীকে এভাবেই স্মরণ করলেন তার ৩৩ বছরের সহকর্মী।

স্মরণসভায় লন্ডন থেকে ভিডিও বক্তব্য দেন বিশ্বদীপ দাশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শুরু হয় এ স্মরণসভা।

‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের এ আয়োজনে হাজির হন সরকারি অনেক কর্মকর্তা, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তৌফিক ইমরোজ খালিদীর বন্ধু, সহপাঠী ও স্বজনরাও এসেছিলেন স্মরণ অনুষ্ঠানে।

সভার সূচনা বক্তব্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বলেন, "একসময় বানানো সূত্রের বরাতে উড়ো খবরও সংবাদ হয়ে ছাপা হয়েছে। তৌফিক ভাই সেই পথটা কঠিন করে দিলেন। খবরের উৎস বলতে হবে, প্রমাণ দেখাতে হবে, সব পক্ষের কথা নিতে হবে। আর গতির আগে নির্ভুলতা। ফলে বেনামি সূত্রের দোহাই দিয়ে গুজব ছড়ানো কঠিন হয়ে গেল। তাছাড়া তিনি সংবাদ আর বিজ্ঞাপনের মাঝখানে দেয়াল তুলে দিলেন। সাংবাদিক উপহার নেবেন না। কোনো দলে যোগ দেবেন না। তাকে দেখে দেশের সংবাদ প্রকাশের চর্চাটাই বদলাতে শুরু করেছিল।

"এই মানদণ্ডের জন্যই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার পাঠকেরা সমীহের সঙ্গে পড়েন; নির্ভর করেন। কারণ এখানে চমক নেই। উত্তেজনা ছড়িয়ে পাঠক টানার চেষ্টা নেই। আছে নির্ভুলতা আর বিশ্বাসযোগ্যতা।

“সাংবাদিকতার অঙ্গনে তিনি পথ দেখাতেন। কিন্তু নিজের কথা কখনো জোর গলায় বলতেন না। বাইরে থেকে তাকে মনে হতো রাশভারী, কঠোর। কিন্তু যারা কাছে ছিলেন, তারা জানেন, তাদের প্রতি ছিল গভীর মমতা। তরুণদের ভুল করার সুযোগ দিতেন। আবার শুধরেও দিতেন। চাপ এলে নিজের সামনে দাঁড়িয়ে সহকর্মীদের আড়াল করে রাখতেন। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের গল্প বাংলাদেশের মাটিতেই আছে। আর সেই গল্প বিশ্বকে বলতে হবে মাথা উঁচু করে।"

বিশ্বদীপ দাশ বলেন, "একজন সম্পাদকের সবচেয়ে বড় উত্তরাধিকার আমার মনে হয় তার গড়া মানুষেরা। আজ দেশের অনেক নিউজরুমে তার হাতে গড়া সাংবাদিকেরা কাজ করছেন; তার মানদণ্ড শিরোধার্য করে।

“কিছুদিন আগে একবার বলেছিলেন, আমরা মাথা উঁচু করে টিকে থাকব। সেই কথা আমরা রাখব। আমাদের শ্রদ্ধায়, ভালোবাসায় আর সাংবাদিকতায় আরও ভালো কিছু করার অদম্য ইচ্ছায় আপনি সঙ্গী হয়ে থাকবেন, তৌফিক ভাই।"

‘সাংবাদিকতাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন’

স্মরণসভায় আসা সবাইকে স্বাগত জানিয়ে ১৯৯৩ সালের এক বিকালের স্মৃতিতে ফিরে যান বিশ্বদীপ দাশ , যেদিন সংবাদ লেখা আর সৃজনশীল লেখার পার্থক্য বুঝিয়ে দিয়েছিলেন তৌফিক ইমরোজ খালিদী।

বিশ্বদীপ দাশ বলেন, “তিনি তখন প্রাণশক্তিতে ভরপুর, খানিকটা অস্থির, সারাক্ষণ নতুন নতুন ভাবনা নিয়ে ছুটছেন। তার কাছেই শিখেছিলাম কী লিখতে হয় না, কোন তথ্য ফেলে দিতে হয় আর কীভাবে আসল কথায় পৌঁছাতে হয়।”

বাংলা কিংবা ইংরেজি, দুই ভাষাতেই জটিল বিষয়কে সহজ ও আকর্ষণীয় করে পাঠকের কাছে তুলে ধরার দক্ষতা ছিল তৌফিক ইমরোজ খালিদীর।

বিশ্বদীপ দাশ বলেন, “তিনটি প্রতিষ্ঠানে ৩৩ বছর তার পাশে থেকে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। আজ সবাই তাকে বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার দিকপাল বলেন। কিন্তু আমার মনে হয় আরও বড় একটা কাজ তিনি করেছেন, সাংবাদিকতাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন।”

ডিজিটাল মাধ্যমে সংবাদ প্রকাশের পাশাপাশি খবর পড়তে পাঠককে যেন অর্থ খরচ করতে না হয়, সেই ব্যবস্থাও করেছিলেন তৌফিক ইমরোজ খালিদী।

“ডিজিটাল মাধ্যমে খবর পৌঁছে দিয়েছেন, কিন্তু কোনো ‘পেওয়াল’ রাখেননি। সংবাদপত্রের খরচ আর সীমিত বিতরণ ব্যবস্থা যাদের নাগালের বাইরে রেখেছিল, নির্ভরযোগ্য খবর পৌঁছে গেল তাদের হাতেও।”

আমৃত্যু চোখের দিকে তাকিয়ে, ক্ষমতাকে প্রশ্ন করা তৌফিক ইমরোজ খালিদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিংশ প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। এর মাত্র ২১ দিন আগে ২ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউ'স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

এরপর ১০ অক্টোবর সকালে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে দেশে পৌঁছায়। দুপুরে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে জানাজা শেষে বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি সমাহিত হন।