২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের শাহ আমানত মাজারে ককটেল

আশপাশের মানুষ সন্দেহভাজন দুজনকে ধরে পুলিশে দেয়, বলেন কোতোয়ালী থানার ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 01:39 AM

Updated : 27 Nov 2026, 01:39 AM

চট্টগ্রামের শাহ আমানত মাজারে অবিস্ফোরিত একটি ককটেল পাওয়ার কথা বলেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতের এ ঘটনায় মাজারে সমবেতরা সন্দেহভাজন দুজনকে ধরে পুলিশে দিয়েছে।

মাজারটির অবস্থান নগরীর কোতোয়ালী থানার জেল রোডে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক যুবক টেপ মোড়ানো অবস্থায় সেটি মাজারে রাখেন। আশপাশের সন্দেহজনক দুজনকে আটকে পুলিশে দেয়।

সিএমপি বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেটি নিয়ে গেছে জানিয়ে ওসি জাহিদুল বলেন, “আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

বোম ডিস্পোজাল ইউনিটের এক কর্মকর্তা রেখে আসা বস্তুটি ককটেল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

চট্টগ্রামের ঐতিহাসিক এ মাজারে প্রতি বৃহস্পতিবার বিপুল পরিমাণ ভক্তের সমাগম ঘটে। চট্টগ্রাম নগরী ছাড়াও বিভিন্ন উপজেলা ও বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন। তারা সারা রাত মাজারে দোয়া-দুরুদ পড়েন।