২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা দুদেশের সম্পর্কের ‘কাঁটা’, ভারতও ‘বুঝতে পারছে’: হুমায়ুন কবির

“মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে, অকারণে নানা যন্ত্রণা হচ্ছে,” বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 01:26 AM

Updated : 27 Nov 2026, 01:26 AM

দুদেশের সম্পর্কের জন্য দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কাঁটা’ হয়ে রয়েছেন, সেটা ভারতও ‘বুঝতে পারছে’ বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শেখ হাসিনাকে ভারতের জন্য হুট করে বাড়িতে ঢুকে পড়া অতিথির সঙ্গে তুলনা করে তিনি বলেন, “এখন বের করাও যায় না, এখন রাখতেও হচ্ছে, হজমও করতে হচ্ছে। এটা খুবই যন্ত্রণাদায়ক সমস্যা হয়ে গেছে। তো হাসিনা হচ্ছে একটা ইরিট্যান্ট (যন্ত্রণা), তারাও বোঝে যে, এই সম্পর্কের জন্য।”

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন হুমায়ুন কবির।

চব্বিশের অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বরে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।

এর মধ্যে গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এরপর ৯ নভেম্বর দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে তার আবেদন জানানোর খবর প্রকাশ করে রয়টার্স।

সবশেষ গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রীর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্সেরই আরেক খবর বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান।

শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাকে ফেরত চেয়ে ঢাকার প্রত্যর্পণের অনুরোধকে আলাদা বিষয় বলেছে নয়া দিল্লি।

বুধবার নয়া দিল্লিতে ব্রিফিংয়ে এসে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারত সরকারের এ অবস্থান তুলে ধরেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে করা প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বলছে ইন্টারনাল ম্যাটার। এরপর বলেছে, এই প্রশ্নটার উত্তর উনি দিতে চান না। কেন?

“মানে তো ওইটা, এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে। আর হাসিনা কী করে না করে, তারাও তো পাগলামি বুঝতেছে। তারাও তো এই জঘন্য পাগলকে, মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে, অকারণে নানা যন্ত্রণা হচ্ছে। তারাও এটার চ্যালেঞ্জ ও জটিলতা অনুভব করছে।”

তিনি বলেন, “হাসিনা তো একটা সাইকোপ্যাথ। বুঝেন না! দুই হাজার মানুষ হত্যা করে গেছে, কোনো অনুশোচনা নাই, কিছু নাই। এর আর কোনো রাজনীতিও নাই, রাজনীতি তো অনেক আগেই চলে গেছে।

“সে একজন সন্ত্রাসী এবং একজন সন্ত্রাসীকে নিজেদের সার্বভৌম ভূখণ্ডে রাখার চ্যালেঞ্জ তারা স্বীকার করছে। এটা তাদের জন্য অপ্রয়োজনীয় যন্ত্রণা, বুঝছেন?

প্রতিমন্ত্রী বলেন, “আপনার বাড়িতে যদি একজন মেহমানকে আমন্ত্রণ করলেন না; হঠাৎ করে বাড়িতে ঢুকে গেল, এখন তো বেরও করতে পারতেছেন না, এমন পাগলামি করতেছে, এমন উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। মানে সেও বোঝে না যে, মানে এই মেহমান বোঝে না যে, তারা অবাঞ্ছিত। বুঝছেন?”

শেখ হাসিনার ফেরার বিষয়ে করা আরেক প্রশ্নে হুমায়ুন কবির বলেন, “ঘুরেফিরে হাসিনার কথা বলে লাভ নেই। কেন ভাই! সে আসবে না ডিসেম্বরে। আমি তো বলছি সিলেটের একটা মিটিংয়ে, শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’। বুঝছেন? সুতরাং এটাই তার শেষ। তিনি মূল্যহীন, অপ্রাসঙ্গিক।

“টেররিস্টের জায়গা নির্ধারণ করা হইছে, এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে সে প্লেনে, হ্যান্ডকাফ পরিয়ে তাকে আনা হবে অথবা আন্ডার স্ট্রিক্ট সার্ভেইল্যান্স তাকে আনা হবে। বুঝছেন? এটাই একমাত্র উপায়, যেটাতে তিনি আসতে পারবেন। বাংলাদেশে তার, তার লুটেরা পরিবার, তার লুটেরা দল, সন্ত্রাসীদের কোনো স্থান আর নাই। এরা মুছে গেছে। এখন বাংলাদেশের মানুষ ক্লিয়ার অবস্থান নিছে টেররিস্টদের বিরুদ্ধে।”

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছ থেকে ‘পরিষ্কারভাবে’ বক্তব্য আসার কথা তুলে ধরে তিনি বলেন, “একটা নীতি আছে ক্রিমিনালদের জন্য, আরেকটা আছে নরমাল সিটিজেনদের জন্য। তো হাসিনা পড়ে ক্রিমিনাল সেকশনে। হাসিনা ‘ইজ অ্যা ক্রিমিনাল’। তো, সে কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আসতে পারবে। ফিরে আসা না, তাকে হস্তান্তর করা হবে।”

ডিসেম্বরের আগে বাংলাদেশ দখল করা হবে বলে পশ্চিমবঙ্গ রাজ্যের এক মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, “দেখেন, পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে। তো মানে, বলতে আর মানা নাই। তো সব জায়গায়ই আছে।

“আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে। সুতরাং কেন্দ্রীয় সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার। তো, আলোচনটা সেটার ওপর ছেড়ে দিন, সেখানেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হয়: জাতীয় সরকারের সঙ্গে জাতীয় সরকার। এখানে ওইসব বিষয় নাই।”

শেখ হাসিনার বিভিন্ন তৎপরতার খবর আসার পর প্রায় প্রতিবারই ঢাকা ও নয়া দিল্লির অবস্থান জান চেয়েছেন সংবাদকর্মীরা।

ঢাকার তরফ থেকে বলা হচ্ছে, ভারত ও বাংলাদেশের বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চায় তারা।

আর নয়া দিল্লি বলে আসছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তারা আইন অনুযায়ী সুরাহা করতে চায়। বুধবারের ব্রিফিংয়েও সে অবস্থানই পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চাওয়ার বিষয়ে ভারতের বক্তব্য কী।

জবাবে জয়সওয়াল বলেন, “বিষয়টি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির সরকারের মধ্যকার। এর বেশি কিছু বলার নেই।”

আগের খবর:

হাসিনার ফেরার ঘোষণা ও ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত