১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের ওপর নজর রেখে ফিলিপিন্স ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা চুক্তি

এই চুক্তি দুই দেশের যৌথ সামরিক কার্যক্রমের ক্ষেত্রে আমলাতান্ত্রিক বাধাগুলো কমিয়ে আনবে বলে জানিয়েছে ম্যানিলা।

চীনের ওপর নজর রেখে ফিলিপিন্স ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা চুক্তি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ম্যানিলায় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 12:40 PM

Updated : 15 Nov 2026, 12:40 PM

নিরাপত্তা সম্পর্ক গভীর করার ধারাবাহিকতায় ফিলিপিন্স ও অস্ট্রেলিয়া একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

রোববারের এই চুক্তি দুই দেশের যৌথ সামরিক কার্যক্রমের ক্ষেত্রে আমলাতান্ত্রিক বাধাগুলো কমিয়ে আনবে বলে জানিয়েছে ম্যানিলা।

ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জানিয়েছেন, এই চুক্তিটি সমন্বয় প্রক্রিয়াগুলো সহজ করার মাধ্যমে দ্বিপাক্ষিক 'স্ট্যাটাস অব ভিজিটিং ফোর্সেস অ্যাগ্রিমেন্ট' বা এসওভিএফএ এর বাস্তবায়নকে আরও গতিশীল করবে।

সাংবাদিকদের তিনি বলেন, “একটি কাজ করতে ১০০ ধাপের বদলে এখন মাত্র ১০টি ধাপ লাগবে।”

তিনি এই চুক্তিকে এসওভিএফএ বাস্তাবায়নের ক্ষেত্রে ‘লাল ফিতার জটিলতা বিরোধী’ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিনি জানান, এই ব্যবস্থাটি নৌ, বিমান ও স্থলবাহিনীর পাশাপাশি মানবিক ও দুর্যোগ মোকাবেলায় আরও নিবিড় সহযোগিতার পথ প্রশস্ত করবে। এটি দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন ক্ষেত্রে ফিলিপিন্সের ‘বিশ্বাসযোগ্য প্রতিরোধ সক্ষমতা’ জোরদার করবে।

দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্যবাদী আচরণের মুখোমুখি হচ্ছে বলে অভিযোগ করছে ফিলিপিন্স। এই সাগরে জলসীমা নিয়ে চীনসহ একাধিক দেশের পরস্পরবিরোধী দাবি রয়েছে। এই পরিস্থিতিতে ফিলিপিন্স তার দীর্ঘদিনের চুক্তিবদ্ধ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটকে আরও শক্তিশালী করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গেও নিরাপত্তা সম্পর্ক বাড়িয়ে চলেছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দক্ষিণ চীন সাগরের বিষয়ে অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে ম্যানিলার অবস্থানকে সমর্থন করে আসছে। ২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি আদালত এক রায়ে বলেছিল, দক্ষিণ চীন সাগরের ওপর চীনের এই বিশাল মালিকানা দাবির কোনো ভিত্তি আন্তর্জাতিক আইনে নেই। চীন এই রায় প্রত্যাখ্যান করলেও অস্ট্রেলিয়া এই রায়কে সমর্থন জানিয়েছে।

বেইজিংয়ের দাবি, দক্ষিণ চীন সাগরে তাদের পদক্ষেপগুলো আইন মেনে এবং পেশাদারিত্বের সঙ্গে করা হচ্ছে। তারা মিত্র দেশগুলোর সঙ্গে ফিলিপিন্সের যৌথ সামরিক মহড়ার নিয়মিত বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ, এসব মহড়া ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ম্যানিলায় ওই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আলবানিজ বলেন, এই চুক্তির ফলে সাগরপথে নজরদারি ও তথ্য আদান-প্রদান আরও বাড়বে। পাশাপাশি দুই দেশের মধ্যে কৌশলগত আলোচনা, প্রশিক্ষণ, যৌথভাবে কাজ করার সক্ষমতা এবং প্রতিরক্ষা অবকাঠামোর উন্নয়নও জোরদার হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সামুদ্রিক অঞ্চলের ওপর নজরদারি বাড়াতে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অতিরিক্ত বিনিয়োগের ঘোষণা দেন। যার মধ্যে সমুদ্র ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত হুমকি শনাক্তকরণ উন্নত করার লক্ষ্যে ড্রোন প্রযুক্তি, সরঞ্জাম ও প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।