১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা রেডারে আঘাত হানার দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের ‘দ্বিতীয় পর্যায়’ বলে জানিয়েছে আইআরজিসি।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা রেডারে আঘাত হানার দাবি আইআরজিসির

ছবি: তাসনিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 01:42 PM

Updated : 15 Nov 2026, 01:42 PM

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা রেডারে ছয়টি ড্রোন দিয়ে আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের ‘দ্বিতীয় পর্যায়’ বলে জানিয়েছে আইআরজিসি।

রোববার এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ক্ষেত্রের রেডারটিতে আইআরজিসির মহাকাশ বাহিনীর ছয়টি ড্রোন আঘাত হেনেছে।

এই সুনির্দিষ্ট ও সফল আঘাতের শব্দ বাহরাইনের বিভিন্ন অংশ থেকে শোনা গেছে আর এতে আরেকবার আইআরজিসির অভিযান সক্ষমতা প্রদর্শিত হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, “হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার পাহারা দিয়ে পার করার তথাকথিত পরিকল্পনায় যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। এটি আসলে তেল চোরাচালানেরই একটি অভিযান ছিল। এখন গুরুত্বপূর্ণ এই জলপথটি যে বন্ধ হয়ে আছে, সেই আসল সত্য থেকে বিশ্বের নজর ঘোরাতে তারা ছোটখাটো ও উদ্দেশ্যহীন কিছু পদক্ষেপ নিচ্ছে।"

ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আইআরজিসি জোর দিয়ে বলেছে যে হরমুজ প্রণালি এখনো বন্ধ আছে আর মার্কিন শত্রুর যেকোনো আগ্রসনের জবাব আরও ‘কঠোর ও জোরালোভাবে’ দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ড্রোনগুলো একের পর এক ভূপাতিত করা হচ্ছে।, আগের পর্যায়ের তুলনায় এই পর্যায়ে মার্কিন লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আইআরজিসি আরও বেশি সংখ্যক ড্রোন মোতায়েন করেছে।

বিবৃতির শেষে বলা হয়েছে, শত্রুদের এটা মনে রাখা উচিত যে তাদের প্রতিটি হামলার পরপরই এর কঠোর এবং সুপরিকল্পিত জবাব দেওয়া হবে।