তুরস্কের পার্লামেন্টের অনুমোদন পেল মক্কা প্রতিরক্ষা চুক্তি
পার্লামেন্টের এই অনুমোদনের ফলে আঙ্কারার পক্ষে রিয়াদের জন্য সামরিক সমর্থন পাঠানোর পথ প্রশস্ত হয়েছে।
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে হওয়া মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট।
পার্লামেন্টের এই অনুমোদনের ফলে আঙ্কারার পক্ষে রিয়াদের জন্য সামরিক সমর্থন পাঠানোর পথ প্রশস্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
অগাস্টে তিনটি আঞ্চলিক শক্তির মধ্যে স্বাক্ষরিত এ চুক্তি অনুযায়ী, সদস্য দেশগুলোর যে কোনো এক পক্ষের ওপর আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করার কথা রয়েছে।
তুরস্ক সরকার এই যৌথ প্রতিরক্ষা চুক্তিটি অনুমোদনের জন্য গত মাসে পার্লামেন্টে পাঠিয়েছিল।
তুরস্কের ক্ষমতাসীন দলের একজন আইনপ্রণেতা গত মাসে রয়টার্সকে জানিয়েছিলেন, তুরস্ক এই চুক্তির আওতায় সৌদি আরবে সামরিক সদস্য মোতায়েনের অনুমতি চেয়ে সংসদে একটি প্রস্তাবও উত্থাপন করবে।
গত কয়েক মাস ধরে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদসহ গুরুত্বপূণ বিমানবন্দর ও তেল অবকাঠামোতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এসব হামলায় বেশি কয়েকজনের প্রাণহানিসহ বহু মানুষ আহত হয়েছেন।
শুক্রবার সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা মক্কা অঞ্চলে একটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে।
জোট বাহিনীর মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক মাধ্যমে লিখেছেন, “মক্কা অঞ্চলে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।”
তবে ড্রোনটি কোথা থেকে, কারা ছুড়েছিল সে বিষয়ে কিছু জানাননি তিনি।
