মক্কা শরীফের ২১ কিলোমিটার দূরে পড়ল ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
মুসলিমদের দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় ইয়েমেনের হুতিরা হামলা চালানোর চেষ্টা করে আসছে বলে অভিযোগ সৌদি আরবের।
সৌদি আরব জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে আর সেগুলোর ধ্বংসাবশেষ মক্কা অঞ্চলে পড়েছে।
সৌদি আরব ও ইয়েমেনের হুতিরা ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে আর তারমধ্যেই বুধবার এ ঘটনা ঘটেছে।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, মক্কা শরীফ থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) উত্তরপূর্বে সাবুহা গ্রামে এবং প্রায় ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মুগাম্মাসে ধ্বংসাবশেষগুলো পড়েছে।
এক বিবৃতিতে সৌদি আরবের সিভিল ডিফেন্স অভিযোগ করেছে যে, ক্ষেপণাস্ত্রগুলো ওই অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছে আর সেগুলো বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে।
মুসলিমদের দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় ইয়েমেনের হুতিরা হামলা চালানোর চেষ্টা করে আসছে বলে অভিযোগ সৌদি আরবের। কিন্তু হুতিরা এ অভিযোগ বরাবর অস্বীকার করেছে। সৌদি আরবের অন্য অঞ্চলের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোই তাদের হামলার মূল লক্ষ্য বলে দাবি হুতিদের।
বৃহস্পতিবার ভোরে সৌদির সিভিল ডিফেন্সের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “বেসামরিক স্থাপনায় এভাবে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। এর মধ্য দিয়ে হুতি মিলিশিয়াদের বিপজ্জনক ও শত্রুতামূলক মনোভাবই প্রকাশ পেয়েছে।”
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর প্রতিক্রিয়ায় পরের বছর ইয়েমেনের সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে দেশটির সংঘাতে সামরিকভাবে হস্তক্ষেপ করে রিয়াদ। তখন থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার সূত্রপাত হয়।
এরপর জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে দুই পক্ষের মধ্যে হওয়া এক যুদ্ধরিবতি সংঘাতকে অনেকটাই থামিয়ে রেখেছিল। কিন্তু চলতি বছর ইরান যুদ্ধের প্রভাবে ওই যুদ্ধবিরতি ভেঙে পড়ে আর ফের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে যায়।
সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী ইয়েমেনের হুতি অবস্থান ও স্থাপনাগুলোতে বিমান হামলা চালাচ্ছে আর এর জবাবে হুতিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এই উত্তেজনা লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী গুরুত্বপূণ জলপথ বাব এল-মান্দেব প্রণালিকে হুমকির মুখে ঠেলে দিয়েছি।
