২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় জেলা জজের বাস ভবনে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া শহর বাইপাস সড়কের বিভিন্ন স্থানে চলন্ত যানবাহন লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত ব্যক্তিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 01:15 PM

Updated : 29 Nov 2026, 01:15 PM

কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজের বাসভবনসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার রাত সোয়া ১টার দিকে শহরের মজমপুর দাদাপুর সড়কের পুলিশ লাইন সংলগ্ন জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের বাস ভবনে ককটেল নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফয়সাল মাহমুদ।

জজ আদালতের বেঞ্চ সহকারী তারিক আহম্মেদ বলেন, “রাতে মোবাইলে বাস ভবনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের সংবাদ জানান জেলা ও দায়রা জজ। দ্রুত সেখানে গেলে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পাই। অবস্থা দেখে মনে হচ্ছে স্যারের শয়নকক্ষ লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করা হয়েছিল।”

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সংবাদ পেয়ে জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করে করেছেন।

এদিকে শনিবার রাতে কুষ্টিয়া শহর বাইপাস সড়কের বিভিন্ন স্থানে চলন্ত যানবাহন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। তবে লক্ষভ্রষ্ট হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি বলে জানায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

এছাড়া মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি রোডের গ্রামীণ ব্যাংক কার্যালয়েও ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে জানান মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম।

তিনি বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা এই ককটেলে নিক্ষেপ করেছেন তা তদন্ত করে দেখছে পুলিশ।”

কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, “জেলা জজের বাস ভবনসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্তে এর মধ্যে ঘটনাস্থলগুলো ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ, আলামত সংগ্রহ করে জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশ।”

এসব ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।