টুঙ্গিপাড়ায় কলেজের ফ্যান-গ্রিল চুরির অভিযোগ: ছাত্রদল নেতাকে অব্যাহতি
ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে এক ছাত্রদল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্যসচিব সাজিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সাহেদ তালুকদারকে নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ছাত্রদল কোনো ধরনের অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ড সমর্থন করে না। সাহেদ তালুকদারের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার অভিযোগ ছিল। তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জানায়, ২৭ অক্টোবর ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, তিনটি ফ্যান ও নির্মাণসামগ্রী জোরপূর্বক খুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সাহেদ তালুকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে।
পরদিন ২৮ অক্টোবর কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বাদী হয়ে সাহেদসহ অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
২৯ অক্টোবর রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার এলাকা থেকে সাহেদকে আটক করে পুলিশ। পরবর্তীতে থানা চত্বরে বাদী ও বিবাদীর মধ্যে আপসরফা হলে চুরির মালপত্র ফেরত বা ক্ষতিপূরণের মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি।
