নারায়ণগঞ্জে ‘চাঁদা না দেওয়ায়’ জমিয়ত নেতাকে ছাত্রদলের মারধর
হামলার শিকার ফেরদাউসুর রহমান জেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক।
নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় মারধর করা হয় বলে দাবি ভুক্তভোগীর।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন।
হামলার শিকার ফেরদাউসুর রহমান বলেন, ওই এলাকায় জেলা পরিষদের একটি জমি লিজ নিয়েছেন তিনি। লিজ নেওয়া জমিতে একটি পাঠাগার ও দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে তার।
“সেখানে নির্মাণকাজ করতে গেলে স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতা চাঁদা দাবি করেন। একইসঙ্গে দোকানের একটি অংশ তাদের তত্ত্বাবধানে দিতে হবে বলেও দাবি করা হয়। এই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় আমার ওপর হামলা করা হয়,” বলেন তিনি।
হামলায় সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অনিক হোসেন, সরকারি তোলারাম কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ তপুসহ অন্তত ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অংশ নেন বলে অভিযোগ ফেরদাউসুরের।
ফেরদাউসুর হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ছিলেন। স্থানীয়ভাবে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে ঘনিষ্ঠতাও ছিল তার।
ঘটনার সময় মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে তাকে ‘শামীম ওসমানের ছোট ভাই’ বলে উল্লেখ করে মারধর করতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা অনিক হোসেন মোবাইলে বলেন, “ফেরদাউসুর রহমান ফ্যাসিস্টের দোসর। তার সঙ্গে এ নিয়ে তর্কবিতর্ক হয়েছে। চাঁদা বা অন্য যেসব বিষয়ে তিনি অভিযোগ করছেন, তা মিথ্যা।”
এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মাহবুব আলম। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
