০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করা হয়।

নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

গ্রেপ্তার সনেটের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ নানা অপরাধে বিভিন্ন জেলায় ২৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 05:01 PM

Updated : 09 Nov 2026, 05:01 PM

নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাতটি গুলিসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে; যাকে ‘শীর্ষ সন্ত্রাসী’ বলছে পুলিশ।

সোমবার বিকালে সদর মডেল থানার সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।

এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জ সদরের পাঁচরুখী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সনেট (৩৮) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া (বকুল তলা) মহল্লার বাদল মিয়ার ছেলে।

আশিকুর রহমান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সনেটকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তার দেখানো নরসিংদী শহরের শালিধা মহল্লার মানিক মিয়ার পেছনের ফাঁকা জায়গা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করা হয়।

“এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য সনেট অস্ত্র ও গুলি মজুদ রেখেছিল বলে জানান।”

এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

সনেটের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ নানা অপরাধে বিভিন্ন জেলায় ২৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন আশিকুর রহমান।