০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শেরপুরে বিদেশি মদ ও অটোরিকশাসহ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

তল্লাশি করা হলে, ড্রাইভিং সিটের নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 01:44 PM

Updated : 05 Nov 2026, 01:44 PM

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদ ও সিএনজিচালিত অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি এসআরবির।

বুধবার দুপুরে সদর থানার আমতলা বাজার সংলগ্ন মহাসড়কে বিশেষ চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৪৫) সিএনজিচালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন।

বুধবার রাতে দেয়া এসআরবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলা বাজার সংলগ্ন মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে তল্লাশিকালে কুসুমহাটি বাজার থেকে জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অটোরিকশাটি তল্লাশি করা হলে, ড্রাইভিং সিটের নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পরে মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে শেরপুর জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে জামালপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসহ তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআরবির এ কর্মকর্তা।