নেত্রকোণায় ১৯ মামলার আসামি বদিউজ্জামান গ্রেপ্তার
সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় তার সংশ্লিষ্টতা ও অস্ত্র-অর্থ জোগানের বিষয়টিও যাচাই-বাছাই করা হচ্ছে।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় হত্যা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ১৯টি মামলার আসামি বদিউল আলম বদি ওরফে বদিউজ্জামানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার মেনকীফান্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বদিউজ্জামান উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়ালের ভাই।
পুলিশ জানায়, ২৪ অগাস্ট শফিকুল ইসলাম নামের এক যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করার ঘটনা ঘটে। পরদিন শফিকুলের ভাই ফারুক আহমেদ বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলাতেই বদিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ছাড়া সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় তার সংশ্লিষ্টতা ও অস্ত্র-অর্থ জোগানের বিষয়টিও যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে সত্যতা পেলে ওই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।”
পুলিশ জানায়, ২০০৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বদিউজ্জামানের বিরুদ্ধে দুর্গাপুর থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে অন্তত ১৯টি মামলা রয়েছে।
