২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

গোসলের পর ত্বক শুকিয়ে লোশন মাখছেন, নাকি ভেজা ত্বকে?

লোশন মাখার সেরা সময় কখন জেনে নিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 07:00 PM

Updated : 24 Nov 2026, 11:55 PM

শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকের কোমলতা ও আর্দ্রতা ধরে রাখতে বডি লোশন বা ক্রিম ব্যবহারের বিকল্প নেই।

তবে প্রতিদিন কতবার বডি লোশন মাখতে হবে এবং কোন ত্বকের জন্য কেমন লোশন উপযুক্ত, তা নিয়ে অনেকেরই বিভ্রান্তি রয়েছে।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, বডি লোশন ব্যবহারের মাত্রা মূলত ব্যক্তির ত্বকের ধরন, আবহাওয়া এবং গোসলের অভ্যাসের ওপর নির্ভর করে।

বডি লোশন মাখার সঠিক সময় ও মাত্রা

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ-এ প্রকাশিত এক প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের দ্বৈত বোর্ড-প্রত্যয়িত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. ব্রেন্ডান ক্যাম্প, ‘আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি’ নির্দেশিকা অনুসারে জানান, সাধারণভাবে প্রতিদিন গোসলের পরপরই ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায় বডি লোশন মাখা ভালো।

ভেজা ত্বকে লোশন লাগালে, আর্দ্রতাকে ত্বকের ভেতর আটকে রাখে এবং সাবান বা শেভিংয়ের কারণে নষ্ট হওয়া ত্বকের সুরক্ষা স্তর পুনরুদ্ধার করে।

তবে নিচের ক্ষেত্রগুলোতে দিনে একবারের বদলে দুবার বা আরও ঘন ঘন বডি লোশন বা ঘন বডি ক্রিম ব্যবহার করা জরুরি।

যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক কিংবা একজিমা ও সোরিয়াসিসের মতো চর্মরোগ রয়েছে।

শীতল ও শুষ্ক আবহাওয়ায় বসবাস করলে বা অতিরিক্ত গরম পানিতে গোসল করলে, কারণ গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে।

দীর্ঘক্ষণ রোদের সংস্পর্শে থাকলে বা সাঁতার কাটার পর গোসল করলে।

অন্যদিকে, ১১ বছর বা তার কম বয়সি শিশুদের ত্বকে একজিমা বা অতিরিক্ত শুষ্কতা না থাকলে প্রতিদিন বা প্রতিবার গোসলের পর লোশন মাখার প্রয়োজন হয় না।

বডি লোশন ও বডি ক্রিমের পার্থক্য

বডি লোশন সাধারণত পানি-ভিত্তিক এবং হালকা হয়, যাতে মূলত তিন ধরনের উপাদান থাকে- গ্লিসারিন ও হায়ালুরোনিক অ্যাসিড (যা বাতাস থেকে আর্দ্রতা টানে), পেট্রোলিয়াম জেলি ও মিনারেল অয়েল (যা আর্দ্রতা বেরিয়ে যাওয়া রোধ করে) এবং শিয়া বাটার ও সেরামাইড (যা ত্বক কোমল রাখে)।

অন্যদিকে, বডি ক্রিম তুলনামূলক বেশি তেল-ভিত্তিক ও ঘন হওয়ায় অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য বেশি কার্যকর।

ত্বকের ধরন অনুযায়ী বডি লোশন নির্বাচন

শুষ্ক ত্বক: সেরামাইড, শিয়া বাটার, গ্লিসারিন, পেট্রোলিয়াম জেলি বা মিনারেল অয়েলসমৃদ্ধ ঘন লোশন বা ক্রিম বেছে নিতে হবে।

তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বক: লোমকূপ বন্ধ করে না এমন, অর্থাৎ ‘নন-কমেডোজেনিন’, তেলমুক্ত হালকা লোশন ব্যবহার করা উচিত, যাতে হায়ালুরোনিক অ্যাসিড ও গ্লিসারিন রয়েছে।

মিশ্র ত্বক: গ্লিসারিন ও ডাইমেথিকোনযুক্ত তেলমুক্ত হালকা বডি লোশন এই ত্বকের জন্য উপযোগী।

সংবেদনশীল ত্বক: সুগন্ধিহীন, অ্যালোভেরা ও সেরামাইডযুক্ত হাইপোঅ্যালার্জেনিক লোশন ব্যবহার করা নিরাপদ।

কখন বুঝবেন ত্বকে আরও বেশি লোশন প্রয়োজন?

ডা. ব্রেন্ডান ক্যাম্প বলেন, “ত্বক খসখসে হয়ে গেলে, টানটান অনুভূত হলে, চুলকানি শুরু হলে, সূক্ষ্ম রেখা দেখা দিলে বা চামড়া ফেটে আঁশের মতো উঠতে থাকলে বুঝতে হবে ত্বকে আর্দ্রতার ঘাটতি রয়েছে।”

আর বডি লোশন মাখার পরও যদি ত্বকে জ্বালাপোড়া বা লালচেভাব থেকে যায়, তবে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক।

পুরনো খবর:

শুষ্ক ত্বকের অধিকারীদের গোসলের ক্ষেত্রে যা মনে রাখা প্রয়োজন
শীতের আগমনী বার্তায় শুষ্কতা ছড়ানোর আগেই ত্বক সুরক্ষার কৌশল
সকাল ও রাতে রূপচর্চায় প্রসাধনী ব্যবহারের সঠিক নিয়ম
রূপচর্চায় অপ্রয়োজনীয় প্রসাধনী
খুশকি দূর করার ঘরোয়া তিন উপায়
শীতে নখের যত্ন নেওয়ার চার পন্থা