ভারতে অনুপ্রবেশের চেষ্টা: শেরপুর সীমান্তে ২ কিশোর আটক
এতে সহায়তার অভিযোগে তিনজনের নামে মামলা করা হয়েছে।
শেরপুরের শ্রীবরদী উপজেলা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই কিশোরকে আটক করেছে বিজিবি। এতে সহায়তার অভিযোগে তিনজনের নামে মামলা করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ।
আটকদের মধ্যে ১৭ বছরের কিশোর নোয়াখালীর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং অপর ১৩ বছরের কিশোর একই জেলার মৌলভী গ্রামের বাসিন্দা।
আসামিরা হলেন- শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের নেহাল মিয়ার ছেলে মো. মামুন (২২), একই গ্রামের জয়নালের ছেলে মো. কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির টহল দল ভারতে অনুপ্রবেশের সময় দুই কিশোরকে আটক করে।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ভারতে বসবাসরত চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশে অবৈধভাবে সীমান্ত পার হয়ে প্রবেশের চেষ্টা করছিল তারা।
অর্থের বিনিময়ে অবৈধভাবে তাদের ভারতে প্রবেশে সহায়তাকারী হিসেবে স্থানীয় তিনজন জড়িত থাকার তথ্য পেয়েছে বিজিবি।
বিজিবি জানায়, আটক দুই কিশোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে তাদের সহায়তার অভিযোগে তিনজনের নামে মামলা করা হয়েছে। তবে তারা পলাতক আছেন।
লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ বলেন, সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
