সকাল ও রাতে রূপচর্চায় প্রসাধনী ব্যবহারের সঠিক নিয়ম
কোনটারর পর কোন প্রসাধনী মাখতে হবে, জানা না থাকলে ত্বক পরিচর্যায় ভালো ফল পাওয়া যায় না।
ফেইসওয়াশ, টোনার, অ্যান্টি-এইজিং সেরাম, ময়েশ্চারাইজার বা রেটিনল- ত্বকের যত্নে বর্তমানে বাজারে অসংখ্য পণ্যের সমাহার রয়েছে। তবে দামি ও আধুনিক সব প্রসাধনী ব্যবহার করার পরও অনেকেই কাঙ্ক্ষিত ফল পান না।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ হল ভুল ক্রমে প্রসাধনী ব্যবহার করা।
ত্বকে কোন পণ্যটির পর কোনটি মাখতে হবে, সঠিকভাবে জানা না থাকলে উপাদানগুলো ত্বকের গভীরে প্রবেশ করতে পারে না এবং পুরো রূপচর্চাই নিষ্ফল হয়ে যায়।
স্বাস্থ্য ও জীবনধারা বিষয়ক সাময়িকী ‘প্রিভেনশন’-এ প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় চর্মরোগ বিশেষজ্ঞরা সকাল ও রাতের রূপচর্চার সঠিক ধারাবাহিকতা বা ক্রম তুলে ধরেছেন।
মূল নিয়ম: পাতলা থেকে ঘন পণ্যের ব্যবহার
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ‘অ্যাফিলিয়েটেড ডার্মাটোলজি’র বোর্ড-প্রত্যয়িত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. করণ লাল বলেন, “যারা রূপচর্চায় নতুন বা সহজ রুটিন চান, তাদের জন্য তিনটি মৌলিক ধাপই যথেষ্ট:
১. ক্লিনজার, ২. ময়েশ্চারাইজার এবং ৩. সানস্ক্রিন।
তবে যারা একাধিক পণ্য ব্যবহার করেন, তাদের জন্য যুক্তরাষ্ট্রের ‘ইয়েল স্কুল অব মেডিসিন’-এর চর্মরোগ বিভাগের সহযোগী ক্লিনিকাল অধ্যাপক ডা. মোনা গোহারা একটি সহজ সূত্র দিয়েছেন, সেটা হল ‘পাতলা থেকে ঘন’।
অর্থাৎ, পানির মতো পাতলা পণ্য সবার আগে এবং ক্রিম বা তেলের মতো ভারী ও ঘন পণ্য সবার শেষে ব্যবহার করতে হবে।
আগে ভারী ক্রিম মেখে ফেললে পাতলা সেরাম বা ওষুধ ত্বকের ভেতরে প্রবেশ করতে বাধা পায়।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে রূপচর্চার ৮টি ধারাবাহিক ধাপ
ক্লিনজার (সকাল ও রাত)
দিন ও রাত- দুই সময়ের রূপচর্চার প্রথম ধাপ হতে হবে মুখ পরিষ্কার করা।
ডা. করণ লাল বলেন, “সকালে ঘুম থেকে উঠে রাতের জমে থাকা তেল দূর করতে মৃদু ক্লিনজার ব্যবহার করতে হবে এবং রাতে সারাদিনের ধুলাবালি ও মেইকআপ তুলতে ‘ডাবল ক্লিনজিং’ করা ভালো।
ত্বকভেদে নির্বাচন: শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য সুগন্ধিহীন, হায়ালুরোনিক অ্যাসিড ও সেরামাইডযুক্ত ক্রিমি ক্লিনজার উপযুক্ত।
ফিলাডেলফিয়ার চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নাজনীন সায়েদির মতে, তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকে স্যালিসিলিক অ্যাসিড বা বেনজয়েল পারক্সাইডযুক্ত ক্লিনজার এবং নিউ ইয়র্কের ডা. মারিসা গার্শিকের মতে, মিশ্র ত্বকে জেল বা ক্রিম-টু-ফোম ক্লিনজার ব্যবহার করা উচিত।
টোনার (সকাল অথবা রাত)
টোনার পানির মতো পাতলা হওয়ায় ক্লিনজিংয়ের ঠিক পরপরই এটি ব্যবহার করতে হয়, যা ত্বককে পরের পণ্য শোষণের জন্য প্রস্তুত করে।
ত্বকভেদে নির্বাচন: অ্যালাবামার চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কোরি এল. হার্টম্যান জানান, শুষ্ক ত্বকে হায়ালুরোনিক অ্যাসিড ও গ্লিসারিনযুক্ত হাইড্রেটিং টোনার ব্যবহার করা উচিত।
অন্যদিকে, নিউ জার্সির বোর্ড-প্রত্যয়িত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জেইন হুসেইনের মতে, “তৈলাক্ত ত্বকের লোমকূপ পরিষ্কার রাখতে গ্লাইকোলিক বা স্যালিসিলিক অ্যাসিডযুক্ত এক্সফোলিয়েটিং টোনার এবং মিশ্র ত্বকে মৃদু অ্যাক্টিভ ও আর্দ্রতাযুক্ত টোনার বেছে নেওয়া ভালো।
৩. চিকিৎসকের দেওয়া ওষুধ বা ট্রিটমেন্ট ক্রিম (সকাল অথবা রাত)
ব্রণ বা রোজাসিয়ার মতো সমস্যার জন্য চিকিৎসকের দেওয়া কোনও মলম, অ্যান্টিবায়োটিক ক্রিম বা বেনজয়েল পারক্সাইড থাকলে, রুটিনের শুরুর দিকেই লাগাতে হবে যাতে ত্বক তা ভালোভাবে শোষণ করতে পারে।
৪. রেটিনল (শুধুমাত্র রাতে)
ডা. করণ লাল সতর্ক করে বলেন, “রেটিনল বা রেটিনয়েড সবসময় রাতের রুটিনে ব্যবহার করতে হবে, কারণ সূর্যের আলোয় এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং ত্বক রোদের প্রতি অতিসংবেদনশীল হয়ে পড়ে।
শুষ্ক ত্বকের জন্য সপ্তাহে দুতিন রাত সাধারণ রেটিনল, তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য ‘অ্যাডাপালিন’ এবং মিশ্র ত্বকের জন্য ‘রেটিনালডিহাইড’ কার্যকর।
সেরাম (সকাল অথবা রাত)
টোনারের চেয়ে সেরাম ঘন কিন্তু ময়েশ্চারাইজারের চেয়ে পাতলা হওয়ায় এই দুটির মাঝখানে ব্যবহার করতে হয়।
দিনের বেলা সূর্যের অতিবেগুনি রশ্মি ও দূষণ থেকে বাঁচতে ভিটামিন ‘সি’ বা অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম এবং রাতে ত্বক মেরামতের জন্য ‘হাইড্রেইটিং’ বা ‘এক্সফোলিয়েটিং সেরাম’ ব্যবহার করা উত্তম।
ত্বকভেদে নির্বাচন: চর্মরোগ বিশেষজ্ঞ ডা. ডায়ান ডেভিসের মতে, “শুষ্ক ত্বকে হায়ালুরোনিক অ্যাসিড, নিয়াসিনামাইড ও অ্যালোভেরাযুক্ত সেরাম; ডা. গোহারার মতে, তৈলাক্ত ত্বকে স্যালিসিলিক অ্যাসিড বা রেটিনল সেরাম এবং ক্যালিফোর্নিয়ার ডা. সিপ্পোরা শেইনহাউসের মতে, মিশ্র ত্বকের তেলের ভারসাম্য রক্ষায় নিয়াসিনামাইড সেরাম ভালো কাজ করে।
৬. আই ক্রিম (সকাল বা রাত)
চোখের চারপাশের ত্বকের ক্রিম সাধারণ ফেইস ক্রিমের চেয়ে হালকা হওয়ায় ময়েশ্চারাইজারের আগেই এটি লাগাতে হবে।
দিনের বেলা সাধারণ ‘হাইড্রেইটিং আই ক্রিম’ এবং রাতে বলিরেখা বা কালো দাগ দূর করতে রেটিনলযুক্ত আই ক্রিম ব্যবহার করা যেতে পারে।
৭. ময়েশ্চারাইজার (সকাল ও রাত)
ত্বকের ধরন যেমনই হোক না কেন, আর্দ্রতা এবং আগের সব পণ্যের কার্যকারিতা আটকে রাখতে ময়েশ্চারাইজার অপরিহার্য।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের ক্লিনিকাল অধ্যাপক ডা. অ্যারিয়েল কাউভার পরামর্শ দেন, “তৈলাক্ত ও মিশ্র ত্বকেও তেলমুক্ত হালকা জেল ময়েশ্চারাইজার ব্যবহার করা বাধ্যতামূলক, আর শুষ্ক ত্বকে সুগন্ধিহীন ঘন ক্রিম বেছে নিতে হবে।”
৮. সানস্ক্রিন (শুধুমাত্র সকালে)
ডা. মোনা গোহারার মতে, সকালের রূপচর্চার সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ হল সানস্ক্রিন।
ঘরে বা বাইরে যেখানেই থাকা হোক না কেন, প্রতিদিন সকালে অন্তত এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন মাখতে হবে।
নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের ডা. জোশুয়া জেইখনার, শুষ্ক ত্বকে হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সানস্ক্রিন এবং ডা. ডেন্ডি এঙ্গেলম্যান তৈলাক্ত ত্বকে মিনারেল বা ম্যাটিফাইং সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
ত্বকে জ্বালাপোড়া হলে করণীয়
একসঙ্গে অনেকগুলো নতুন পণ্য ব্যবহার শুরু করলে ত্বকে অ্যালার্জি বা ‘কন্টাক্ট ডার্মাটাইটিস’ দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র নিবাসী চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রজনী কাট্টা।
এমন পরিস্থিতি তৈরি হলে সব সক্রিয় পণ্য বন্ধ রেখে কেবল মৃদু ক্লিনজার ও সাধারণ ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে এবং ত্বক স্বাভাবিক হলে একটি করে নতুন পণ্য রুটিনে যোগ করতে হবে।
