রূপচর্চার যেসব ভুলে কেড়ে নিচ্ছে ত্বকের উজ্জ্বলতা
অতিরিক্ত এক্সফোলিয়েশন, মেইকআপ না তুলে ঘুমানো ও সানস্ক্রিন বাদ দেওয়া ছাড়াও ত্বকের রক্ষাকবচ নষ্ট হয় নানান ভুলে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে রূপচর্চার পরামর্শের ছড়াছড়িতে সঠিক রুটিন বেছে নেওয়া এখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
প্রত্যেকের ত্বকের ধরন ও চাহিদা আলাদা হওয়ায়, না বুঝে ভুল পণ্য বা পদ্ধতি অনুসরণ করলে ত্বকের ক্ষতি হতে পারে।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ত্বক সুন্দর রাখতে জটিল কোনও রুটিনের প্রয়োজন নেই; বরং ত্বকের বাইরের প্রতিরক্ষামূলক স্তর বা ‘স্কিন ব্যারিয়ার’ সুরক্ষিত রাখাই প্রধান চাবিকাঠি।
স্বাস্থ্য ও জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট ‘প্রিভেনশন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের তিনজন চর্মরোগ বিশেষজ্ঞ রূপচর্চার ১১টি ক্ষতিকর ভুল এবং সেগুলো সংশোধনের উপায় তুলে ধরেছেন।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের বোর্ড-প্রত্যয়িত চর্মরোগ বিশেষজ্ঞ এবং ইয়েল স্কুল অব মেডিসিনের চর্মরোগ বিভাগের সহযোগী ক্লিনিকাল অধ্যাপক ডা. মোনা গোহারা বলেন, “অতিরিক্ত এক্সফোলিয়েশন বা মেইকআপ না তুলে ঘুমানোর মতো সাধারণ ভুলগুলো ত্বকের সুরক্ষা স্তর নষ্ট করে লালচেভাব ও প্রদাহ তৈরি করে।”
দীর্ঘমেয়াদে এর ফলে অকাল বার্ধক্য, বলিরেখা, হাইপারপিগমেন্টেশন এমনকি ত্বকের ক্যানসারের ঝুঁকিও দেখা দিতে পারে।
ডা. মোনা গোহারার পাশাপাশি নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সির বোর্ড-প্রত্যয়িত চর্মরোগ বিশেষজ্ঞ এবং ওয়েইল কর্নেল মেডিসিনের সহকারী ক্লিনিকাল অধ্যাপক ডা. মারিসা গার্শিক ও ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডার বোর্ড-প্রত্যয়িত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জ্যানিন লুক রূপচর্চার ১১টি ভুল অবিলম্বে বন্ধ করার পরামর্শ দিয়েছেন।
অতিরিক্ত এক্সফোলিয়েট করা
ত্বকের মরা কোষ দূর করা জরুরি হলেও, সেটা পরিমিত হওয়া আবশ্যক।
ডা. মারিসা গার্শিকের মতে, “অতিরিক্ত ফেইসিয়াল স্ক্রাব বা কেমিক্যাল এক্সফোলিয়েন্ট ব্যবহার করলে ত্বকের প্রতিরক্ষামূলক স্তর ক্ষয় হয়ে ত্বকে অতি সূক্ষ্ম ফাটল, ব্রণ, সংবেদনশীলতা এবং একজিমা বা রোজাসিয়ার মতো সমস্যা বেড়ে যায়।
ত্বক সুস্থ রাখতে সপ্তাহে সর্বোচ্চ তিনবারের বেশি মৃদুভাবে এক্সফোলিয়েট করা উচিত নয়।”
রাতে মেকআপ না তুলে ঘুমানো
সারাদিনের ক্লান্তির পরও রাতে মুখ পরিষ্কার করা বাদ দেওয়া যাবে না।
ডা. মোনা গোহারা বলেন, “ত্বকে মেইকআপ, ধুলোবালি, ঘাম ও তেল জমে থাকলে লোমকূপ বন্ধ করে ব্রণ ও ত্বকের নির্জীবতা তৈরি করে। এছাড়া পরিষ্কার ত্বকে ময়েশ্চারাইজার বা অ্যান্টি-এইজিং সিরাম ব্যবহারের সুযোগও হাতছাড়া হয়ে যায়।”
শুধু গ্রীষ্মকালে সানস্ক্রিন ব্যবহার করা
অকাল বার্ধক্য, কালো দাগ এবং ত্বকের ক্যানসারের প্রধান কারণ হল সূর্যের অতিবেগুনি রশ্মি।
মেঘলা আকাশ বা ঘরের জানালার কাচ ভেদ করেও ‘ইউভিএ’ ও ‘ইউভিবি’ রশ্মি ত্বকে পৌঁছাতে পারে, এমনকি শরৎ ও শীতকালেও এর প্রভাব থাকে।
তাই ডা. গোহারার পরামর্শ অনুযায়ী, সারা বছর প্রতিদিন এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিনযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা বাধ্যতামূলক।
গলা ও বুকের ত্বকের যত্ন না নেওয়া
মুখের তুলনায় গলার ত্বক অনেক পাতলা এবং এতে তেল গ্রন্থি কম থাকায় তা দ্রুত শুষ্ক হয়ে যায়।
ডা. জ্যানিন লুক বলেন, “অনেকেই শুধু মুখে অ্যান্টি-এইজিং পণ্য ও সানস্ক্রিন লাগান। তবে চোয়ালের নিচ থেকে গলা ও বুক এড়িয়ে যান, ফলে দ্রুত বলিরেখা ও বাদামী ছোপ পড়ে। মুখের মতোই গলা ও বুকের ত্বকের সমান যত্ন নেওয়া উচিত।”
একসঙ্গে অতিরিক্ত সক্রিয় উপাদান
একই রাতে গ্লাইকোলিক অ্যাসিড, রেটিনল এবং ভিটামিন ‘সি’ সেরাম একসঙ্গে স্তরে স্তরে ব্যবহার করলে, ত্বকে তীব্র প্রদাহ ও লালচেভাব দেখা দেয়।
প্রতিটি উপাদান আলাদাভাবে উপকারী হলেও একসঙ্গে সব ব্যবহার করলে ত্বকের সুরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত হয়।
পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার না করা
তৈলাক্ত ত্বক হলেও ময়েশ্চারাইজার বাদ দেওয়া ভুল।
ডা. গার্শিকের মতে, “আর্দ্রতার অভাবে তৈলাক্ত ত্বক নিজেকে রক্ষা করতে আরও বেশি তেল উৎপাদন শুরু করে, যা ব্রণ ও প্রদাহ বাড়ায়। গোসলের পর মাথা থেকে পা পর্যন্ত হায়ালুরোনিক অ্যাসিড বা গ্লিসারিনযুক্ত আর্দ্রতারক্ষাকারী এবং সেরামাইড বা স্কোয়ালেনযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা আবশ্যক।”
ব্রণ খোঁটা বা নখ দিয়ে গলানো
ব্রণ নখ দিয়ে চাপ দিলে ব্যাকটেরিয়া ত্বকের আরও গভীরে প্রবেশ করে এবং স্থায়ী কালো দাগ বা ক্ষত তৈরি করে।
ডা. জ্যানিন লুকের মতে, “শ্যামলা বা গাঢ় রংয়ের ত্বকে এই প্রদাহজনিত কালো দাগের ঝুঁকি বেশি থাকে। ব্রণে হাত দেওয়া ঠেকাতে আক্রান্ত স্থানে ‘পিম্পল প্যাচ’ ব্যবহার করা কার্যকর কৌশল।”
সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ড অন্ধভাবে অনুসরণ
টিকটক বা সামাজিক মাধ্যমে রাতারাতি ত্বক বদলে দেওয়ার যেসব ভাইরাল ট্রেন্ড (যেমন- গরুর চর্বি বা বিফ ট্যালো মাখা) দেখা যায়, সেগুলো ত্বকের জন্য বিপজ্জনক হতে পারে।
ডা. গোহারা সতর্ক করে বলেন, “চিকিৎসক নন এমন কারও পরামর্শে ত্বকে কোনও পরীক্ষা-নিরীক্ষা চালানো উচিত নয়।
বয়স বাড়ার সঙ্গে রূপচর্চার পণ্য পরিবর্তন না করা
ডা. মারিসা গার্শিক জানান, ২০ বা ৩০ বছর বয়সে যে পণ্যগুলো ত্বকে ভালো কাজ করত, ৪০ বছর বয়সে সেগুলো কার্যকর নাও হতে পারে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেন উৎপাদন বাড়াতে এবং ত্বকের ক্ষয় রোধে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী রুটিনে অ্যান্টিঅক্সিডেন্ট, রেটিনল বা পেপটাইড যুক্ত করা প্রয়োজন।
গাঢ় বা শ্যামলা ত্বকে সানস্ক্রিন কম ব্যবহার করা
অনেকেই ভাবেন গাঢ় রংয়ের ত্বকে রোদের ক্ষতি কম হয়, যা ভুল ধারণা।
ডা. লুকের মতে, “মেছতা বা কালো দাগের সমস্যা এড়াতে গাঢ় ত্বকেও নিয়মিত সানস্ক্রিন ব্যবহার জরুরি। সাদা ভাব এড়াতে মেলানিন-বান্ধব ও ত্বকে সহজে মিশে যায় এমন সানস্ক্রিন বেছে নেওয়া যেতে পারে।”
অতিরিক্ত রাত জাগা ও অ্যালকোহল সেবন
ত্বকের সুস্থতা ভেতর থেকে শুরু হয়।
ডা. মোনা গোহারা বলেন, “রাতের গভীর ঘুম ত্বকের কোলাজেন গঠন এবং সারাদিনের ক্ষয়ক্ষতি মেরামত করতে সাহায্য করে। এছাড়া অতিরিক্ত অ্যালকোহল পান করলে শরীরে ‘গ্লাইকেইশন’ প্রক্রিয়া শুরু হয়, যা কোলাজেন ও ইলাস্টিন ভেঙে ত্বকে দ্রুত বার্ধক্যের ছাপ ফেলে।”
তাই ত্বক তরুণ রাখতে পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা অপরিহার্য।
