২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকের যত্নে ভিটামিন ‘সি’ সেরাম ও ‘রেটিনল’ একসঙ্গে ব্যবহার করলে যা হয়

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভিটামিন ‘সি’ সেরাম, আর বলিরেখা দূর করতে ‘রেটিনল’ কার্যকর। তবে সঠিক পদ্ধতি জানা থাকা চাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 05:00 PM

Updated : 26 Nov 2026, 11:31 AM

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং বয়সের ছাপ দূর করতে আধুনিক রূপচর্চায় ‘ভিটামিন ‘সি’ এবং ‘রেটিনল’ দুটি পরিচিত উপাদান।

তবে এই দুই শক্তিশালী সক্রিয় উপাদান একসঙ্গে ত্বকে ব্যবহার করা নিরাপদ কি-না, তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়ম মেনে উপাদান দুটি পরিচর্যার রুটিনে রাখলে ত্বকের দাগছোপ ও বলিরেখা কমে উজ্জ্বলতা আসে। তবে ভুলভাবে একসঙ্গে মাখলে ত্বকে তীব্র জ্বালাপোড়া ও শুষ্কতা দেখা দিতে পারে।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘হেলথ’-এ প্রকাশিত প্রতিবেদনে ভিটামিন ‘সি’ ও রেটিনল ব্যবহারের প্রভাব, সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া এবং সঠিক রুটিন তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনটির তথ্যগুলো চিকিৎসা পর্যালোচনা করেছেন ‘আমেরিকান বোর্ড অব ডার্মাটোলজি’র বোর্ড-প্রত্যয়িত চর্মরোগ বিশেষজ্ঞ এবং ‘আমেরিকান কলেজ অব মোহস সার্জারি’র ফেলো ডা. সুসান বার্ড।

ভিটামিন ‘সি’ ও রেটিনলের আলাদা কাজ ও গবেষণার ফল

ভিটামিন ‘সি’ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে; অন্যদিকে রেটিনল চামড়ার কোষ পুনর্গঠন ত্বরান্বিত করে ত্বককে তারুণ্যদীপ্ত রাখে।

‘জার্নাল অব ড্রাগস ইন ডার্মাটোলজি’-তে প্রকাশিত এক ক্লিনিকাল গবেষণায় দেখা গেছে, সূর্যের আলোয় ক্ষতিগ্রস্ত ও কালচে ছোপযুক্ত ত্বকে ৪ থেকে ১২ সপ্তাহ ধরে ০.৫ শতাংশ রেটিনল এবং ৩০ শতাংশ ভিটামিন ‘সি’ যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহারের ফলে ত্বকের রং ও মসৃণতায় উল্লেখযোগ্য উন্নতি ঘটে এবং বলিরেখা কমে আসে।

এছাড়া ‘জার্নাল অব কসমেটিক ডার্মাটোলজি’র আরেকটি গবেষণায় দেখা গেছে, রেটিনল ও ভিটামিন ‘সি’-এর সমন্বিত চিকিৎসা মেনোপজ-পরবর্তী সময়ে নারীদের ত্বকের প্রাকৃতিক লিপিড বা চর্বির স্তর বাড়িয়ে ত্বককে আর্দ্র ও মজবুত রাখে।

একসঙ্গে ব্যবহারে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘সি’ এবং রেটিনল উভয়ই শক্তিশালী উপাদান হওয়ায় একই সময়ে ত্বকে মাখলে সংবেদনশীল ত্বকে লালচে ভাব, চুলকানি, অতিরিক্ত শুষ্কতা এবং চামড়া ওঠার মতো সমস্যা হতে পারে।

এছাড়া গর্ভাবস্থায় কোনও ধরনের রেটিনল বা রেটিনয়েডজাতীয় পণ্য ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ নয় বলে, ‘আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি’ সতর্ক করেছে।

নতুন কোনও পণ্য ব্যবহারের আগে কানের নিচে বা হাতের ছোট অংশে ৭ থেকে ১০ দিন ‘প্যাচ টেস্ট’ করে নেওয়া উচিত। আর শুরুতে প্রতিদিন না মেখে সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করে ত্বককে অভ্যস্ত করতে হবে।

সঠিক উপায়ে ব্যবহারের নিয়ম: সকালে ভিটামিন ‘সি’, রাতে রেটিনল

চর্মরোগ বিশেষজ্ঞরা একই সময়ে দুটি উপাদান স্তরে স্তরে না মেখে দিনের আলাদা দুটি সময়ে ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

সকালের রুটিনে ভিটামিন ‘সি’: ভিটামিন ‘সি’ সূর্যের রশ্মি ও দূষণের ক্ষতি প্রতিরোধ করে। তাই সকালে মুখ পরিষ্কার করার পর টোনার লাগিয়ে ভিটামিন ‘সি’ সেরাম মাখতে হবে। এরপর ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

রাতের রুটিনে রেটিনল: রেটিনল ত্বককে সূর্যের আলোর প্রতি অতিসংবেদনশীল করে তোলে এবং রোদে এর কার্যকারিতা নষ্ট হয়।

তাই রেটিনল সবসময় রাতের বেলা পরিষ্কার ত্বকে ব্যবহার করে ওপরে ভালো মানের ময়েশ্চারাইজার মাখতে হবে। পাশাপাশি পরদিন সকালে অবশ্যই ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক।

পুরনো খবর:

ত্বকের যত্নে প্রসাধনী ব্যবহারের নিয়ম
গোসলের পর ত্বক শুকিয়ে লোশন মাখছেন, নাকি ভেজা ত্বকে?
রূপচর্চার যেসব ভুলে কেড়ে নিচ্ছে ত্বকের উজ্জ্বলতা