১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জেনে নিন ত্বকের নানান ধরনের সংক্রমণের ধরন, লক্ষণ এবং প্রতিরোধের উপায়

ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের আক্রমণে লালচে র‌্যাশ, তীব্র চুলকানি বা পুঁজযুক্ত ফোঁড়া- ত্বকে কোন জীবাণুর আক্রমণে এমনটা ঘটছে তা না জেনে মলম লাগালে বিপদ বাড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 02:43 PM

Updated : 10 Nov 2026, 02:43 PM

ত্বকের যে কোনও অংশে লালচেভাব, তীব্র চুলকানি, ফোলা বা পুঁজযুক্ত ফুসকুড়ি দেখা দিলে, সাধারণত কোনও না কোনও জীবাণুর সংক্রমণের ইঙ্গিত দেয়।

চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, মূলত চার ধরণের ক্ষতিকর জীবাণু- ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা ফাঙ্গাস এবং পরজীবী বা প্যারাসাইটের মাধ্যমে মানবদেহের ত্বকে সংক্রমণ ঘটতে পারে।

বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা ‘অটোইমিউন রোগ’ রয়েছে, তাদের ক্ষেত্রে এই সংক্রমণগুলো ছোঁয়াচে এবং মারাত্মক রূপ নিতে পারে।

স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ওয়েবসাইট ‘হেলথ’-এ প্রকাশিত এক প্রতিবেদনে ত্বকের সংক্রমণের ধরন, উপসর্গ এবং সুরক্ষার উপায় সম্পর্কে বিস্তারিত জানান যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের বোর্ড-প্রত্যয়িত চর্মরোগ বিশেষজ্ঞ এবং ‘আমেরিকান কলেজ অব মোহস সার্জারি’র ফেলো ডা. সুসান বার্ড।

ত্বকের সংক্রমণের ৪টি প্রধান ধরন ও লক্ষণ

জীবাণুর প্রকৃতির ওপর ভিত্তি করে ত্বকের সংক্রমণ ও উপসর্গগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ: এর মধ্যে ফোঁড়া, ‘সেলুলাইটিস’, ‘ফলিকুলাইটিস’ এবং ‘ইম্পেটিগো’ অন্যতম। এই সংক্রমণে ত্বক লাল হয়ে ফুলে যায়, স্পর্শ করলে ব্যথা ও গরম অনুভূত হয় এবং পুঁজযুক্ত ফুসকুড়ি বা মধুর রংয়ের মতো শক্ত আবরণ তৈরি হতে পারে। ‘এমআরএসএ’ এবং ‘সেলুলাইটিস’কে গুরুতর ব্যাকটেরিয়া-সংক্রান্ত সংক্রমণ হিসেবে বিবেচনা করা হয়।

ভাইরাসজনিত সংক্রমণ: হার্পিস সিমপ্লেক্স ভাইরাস (এইচএসভি), আঁচিল, জলবসন্ত, শিংগলস এবং ‘হ্যান্ড-ফুট-মাউথ’ রোগ এই শ্রেণির অন্তর্ভুক্ত। এর ফলে মুখ, হাত, পা বা গোপনাঙ্গে ব্যথাযুক্ত ফোসকা, কোল্ড সোর বা শক্ত গুটি দেখা দেয়।

ছত্রাকজনিত সংক্রমণ: দাদ, অ্যাথলেট’স ফুট (পায়ের আঙুলের ফাঁকে ঘা), ‘জক ইচ’ এবং ‘ক্যান্ডিডা’ বা ইস্টের সংক্রমণ এর প্রধান উদাহরণ। এক্ষেত্রে ত্বকে তীব্র চুলকানি, লালচেভাব, ফোসকা এবং চামড়া আঁশের মতো খসখসে হয়ে উঠে যাওয়ার লক্ষণ দেখা যায়।

পরজীবীজনিত সংক্রমণ: উকুন, খোসপাঁচড়া বা স্ক্যাবিস এবং ‘হুকওয়ার্ম’-এর মাধ্যমে এই সংক্রমণ ছড়ায়। ফলে ত্বকে ব্রণের মতো র‌্যাশ, ছোট গুটি, ক্ষত এবং অসহ্য চুলকানি সৃষ্টি হয়।

সংক্রমণ যেভাবে ছড়ায় ও ঝুঁকির কারণ

শরীরের ভাঁজযুক্ত স্যাঁতসেঁতে ও আর্দ্র স্থানে জীবাণু খুব দ্রুত বংশবৃদ্ধি করে। এছাড়া আক্রান্ত ব্যক্তির ত্বকের সরাসরি সংস্পর্শে এলে, দূষিত পানিতে সাঁতার কাটলে বা ত্বকের কোনও কাটাছেঁড়া বা ক্ষতের মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করে। ডায়াবেটিস, স্থূলতা, একজিমা, অপুষ্টি, বার্ধক্য, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রক্ত সঞ্চালন কম থাকলে সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি

ত্বকের সংক্রমণ নিশ্চিত হতে চিকিৎসকেরা শারীরিক পরীক্ষার পাশাপাশি রক্ত পরীক্ষা এবং আক্রান্ত ত্বকের নমুনা সংগ্রহ করে ‘স্কিন কালচার’ করানোর পরামর্শ দেন।

জীবাণুর ধরনের ওপর ভিত্তি করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুখে খাওয়ার বা শিরাপথে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল ওষুধ বা মলম ব্যবহার করতে হয়।

বড় ফোঁড়া হলে চিকিৎসকেরা জীবাণুমুক্ত যন্ত্রের সাহায্যে পুঁজ বের করে দেন।

সংক্রমণ অবহেলার পরিণতি

চিকিৎসকদের সতর্কবার্তা অনুযায়ী, ত্বকের সংক্রমণ অবহেলা করলে, সেটা রক্তপ্রবাহে ছড়িয়ে ‘সেপসিস’ (রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আক্রমণ করে ও মৃত্যু হয়) বা ‘ব্যাকটেরেমিয়া’ (রক্তপ্রবাহে সংক্রমণ), হৃদযন্ত্রের ভাল্ভে প্রদাহ, হাড়ের সংক্রমণ এবং ত্বকের কোষ পচে গিয়ে ‘গ্যাংগ্রিন’ বা ‘নেক্রোটাইজিং ফ্যাসাইটিস’-এর মতো প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে।

প্রতিরোধের ৫টি সহজ উপায়

  • অন্যের ব্যবহৃত পোশাক, তোয়ালে, রেজর বা ব্যক্তিগত প্রসাধনী সামগ্রী ব্যবহার করা সম্পূর্ণ বর্জন করতে হবে।

  • শরীরের যে কোনও কাটাছেঁড়া বা ক্ষতস্থান জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখতে হবে।

  • পাবলিক বাথরুম বা সুইমিং পুলে গোসলের সময় অবশ্যই শাওয়ার জুতা পরতে হবে।

  • খাবার তৈরি ও গ্রহণের আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে।

  • ত্বকে ঘাম ও আর্দ্রতা জমে থাকা রোধ করতে ঢিলেঢালা ও সুতি পোশাক পরিধান করা উচিত।

পুরনো খবর:

অতিরিক্ত ‘স্ক্রিনিং টাইম’ থেকে ত্বকের ক্ষতি পুনরুদ্ধারের পন্থা
ত্বকের প্রাকৃতিক ঢাল ক্ষতিগ্রস্ত হলে বুঝবেন যেভাবে
যেসব লক্ষণ দেখা দিলে ত্বক-বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত
চিনে নিন নখের নিচে ত্বকের ক্যান্সারের লক্ষণ