মেনোপজের পর ঠোঁটের শুষ্কতা ও অনুজ্জ্বলতা রোধে বিশেষ যত্ন
মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ায় ঠোঁট শুষ্ক ও বিবর্ণ হওয়ার সমস্যা বাড়ে।
বয়স বাড়ার সঙ্গে দেহে হরমোনের পরিবর্তনের ফলে ত্বকের পাশাপাশি ঠোঁটও হারাতে শুরু করে স্বাভাবিক আর্দ্রতা ও কোমলতা। শীতের শুষ্ক আবহাওয়ায় এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।
শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনায় ঠোঁটের চামড়া অনেক বেশি পাতলা এবং এতে কোনও তেলগ্রন্থি না থাকায় শুষ্ক বাতাসে ঠোঁট খুব দ্রুত আর্দ্রতা হারিয়ে রুক্ষ, বিবর্ণ ও নিষ্প্রাণ হয়ে পড়ে।
হরমোনের পরিবর্তনে ঠোঁটের যত্ন যে কারণে জরুরি
মেনোপজ জীবনের একটি স্বাভাবিক পর্যায়, যে সময়ে শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসে।
ঢাকার ‘বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ার’-এর প্রধান ও রূপবিশেষজ্ঞ শারমিন কচি এই বিষয়ে বলেন, “ইস্ট্রোজেন কমে যাওয়ায় ত্বকের স্থিতিস্থাপকতা ও কোলাজেন কমতে থাকে। ফলে ঠোঁটের স্বাভাবিক কোমলতা হারিয়ে সূক্ষ্ম রেখাগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে এবং ঠোঁটের রঙ অনুজ্জ্বল দেখায়।”
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির বোর্ড-প্রত্যয়িত চর্মরোগ বিশেষজ্ঞ এবং ‘হ্যাডলি কিং ডার্মাটোলজি’র প্রধান ডা. হ্যাডলি কিং স্বাস্থ্য ও জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট ‘হেলথলাইন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, “ইস্ট্রোজেন হরমোন শরীরে প্রাকৃতিক তেল বা সিবাম উৎপাদন ও আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে; তাই মেনোপজের পর এই হরমোনের ঘাটতি দেখা দিলে ত্বক ও ঠোঁটের সুরক্ষা স্তর দুর্বল হয়ে দ্রুত শুষ্কতা তৈরি করে।”
আর্দ্রতা ধরে রাখাই প্রথম কাজ
অনেকেই ঠোঁট শুকিয়ে গেলে বারবার জিহ্বা দিয়ে ভেজানোর চেষ্টা করেন, যা সাময়িক স্বস্তি দিলেও লালা শুকিয়ে যাওয়ার পর ঠোঁটকে আরও বেশি রুক্ষ করে তোলে।
শারমিন কচির মতে, “ঠোঁটের উজ্জ্বলতা ফেরানোর আগে এর আর্দ্রতা আটকে রাখার ব্যবস্থা করা জরুরি। এজন্য শিয়া বাটার ও নারিকেল তেলের মতো প্রাকৃতিক উপাদানযুক্ত লিপ বাম ব্যবহার করতে হবে, যা ঠোঁটের ওপর একটি সুরক্ষামূলক আবরণ তৈরি করে।”
‘আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি (এএডি)’-এর বোর্ড-প্রত্যয়িত চর্মরোগ বিশেষজ্ঞদের প্রকাশিত ‘লিপ কেয়ার গাইডলাইন’ অনুযায়ী- শুষ্ক ও ফাটা ঠোঁট নিরাময়ে ‘সেরামাইডস’, ‘ডাইমেথিকোন’, ‘পেট্রোলিয়াম জেলি’ বা ক্যাস্টর অয়েলসমৃদ্ধ পণ্য কার্যকর।
তবে মেন্থল, কর্পূর বা অতিরিক্ত সুগন্ধিযুক্ত প্রসাধনী ঠোঁটে জ্বালাপোড়া ও শুষ্কতা বাড়িয়ে দিতে পারে বলে সেগুলো এড়িয়ে চলা উচিত।
সূক্ষ্ম রেখা কমাতে ও উজ্জ্বলতা ফেরাতে করণীয়
বয়সের সঙ্গে ঠোঁটের চারপাশে তৈরি হওয়া সূক্ষ্ম রেখা কমাতে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ও ‘পেপটাইড’যুক্ত প্রসাধনী ব্যবহার করা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের চর্মরোগ বিশেষজ্ঞ এবং ইয়েল স্কুল অব মেডিসিনের সহযোগী ক্লিনিকাল অধ্যাপক ডা. মোনা গোহারা জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, “হায়ালুরোনিক অ্যাসিড বাতাস থেকে আর্দ্রতা টেনে ঠোঁটকে ভেতর থেকে পূর্ণ ও সতেজ দেখাতে সাহায্য করে, যা সূক্ষ্ম বলিরেখাগুলোকে অনেকটাই অদৃশ্য রাখে।”
রূপবিশেষজ্ঞ শারমিন কচি পরামর্শ দেন, “শুষ্ক ঠোঁটে উজ্জ্বলতা আনতে হালকা চকচকে আবরণ তৈরি করে এমন লিপ অয়েল বা স্বচ্ছ গ্লস ব্যবহার করা ভালো। তবে অতিরিক্ত ঝাঁঝালো বা জ্বালাপোড়া তৈরি করে এমন ‘লিপ প্লাম্পার’ এড়িয়ে চলাই নিরাপদ।
দিন ও রাতের আলাদা পরিচর্যা এবং লিপস্টিক ব্যবহারের কৌশল
দিনের সুরক্ষা: দিনের বেলা বাইরে বের হলে সূর্যের অতিবেগুনি রশ্মি ঠোঁটের কোলাজেন নষ্ট করে এবং কালচেভাব বাড়ায়।
‘আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি’র পরামর্শ অনুযায়ী, শীতের দিনে রোদ কম মনে হলেও বাইরে গেলে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিনযুক্ত লিপ বাম ব্যবহার করা আবশ্যক।
রাতের পরিচর্যা: রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁট পরিষ্কার করে পুরু করে ঘন লিপ মাস্ক বা পেট্রোলিয়াম জেলি মেখে ঘুমালে সারারাত আর্দ্রতা বজায় থাকে এবং সকালে ঠোঁট কোমল অনুভূত হয়।
লিপস্টিক নির্বাচন: শুষ্ক ঠোঁটে সরাসরি ম্যাট লিপস্টিক লাগালে ঠোঁটের ভাঁজ ও খসখসে-ভাব বেশি ফুটে ওঠে। তাই লিপস্টিক লাগানোর আগে ঠোঁট ভালোভাবে ময়েশ্চারাইজ করে নিতে হবে এবং ম্যাটের বদলে ক্রিম-ভিত্তিক বা হাইড্রেইটিং ফর্মুলার লিপস্টিক বেছে নেওয়া উচিত।
চাইলে লিপস্টিকের ওপর পাতলা করে স্বচ্ছ লিপ অয়েল লাগানো যেতে পারে।
দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন
ঠোঁটের সুস্থতা কেবল প্রসাধনীর ওপর নির্ভর করে না; এজন্য প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। ঠোঁটের মরা চামড়া উঠলে, কখনই নখ দিয়ে টেনে বা দাঁত দিয়ে কামড়ে তোলা উচিত নয়, কারণ এতে রক্তপাত ও সংক্রমণ হতে পারে।
নিয়মিত যত্ন নেওয়ার পরও যদি ঠোঁট অতিরিক্ত ফেটে যায় বা দীর্ঘদিন ধরে ঘা থেকে যায়, তবে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
