০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 03:44 PM

Updated : 08 Nov 2026, 03:54 PM

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ।

ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম মো. সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য।

পুলিশ জানায়, সিরাজ মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রোববার দুপুরে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পরে তাকে নিয়ে যাওয়ার সময় তার তিন ভাইসহ স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটি ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।