০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 05:41 PM

Updated : 06 Nov 2026, 05:41 PM

বগুড়ার সোনাতলা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে।

এ সময় দুই পুলিশ সদস্যকে মারধর ও পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সোনাতলা থানার ওসি কবির হোসেন।

পুলিশ জানায়, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে শুক্রবার সকালে পুলিশের এসআই শিমুল কুমার দাস ও এএসআই মেহেদী হাসান একটি পিকআপ ভ্যান নিয়ে ওই গ্রামে যান।

পুলিশ সদস্যরা সুমনকে আটক করে পিকআপে তোলার সময় স্থানীয় একদল লোক তাদের ওপর হামলা চালান। এ সময় দুই পুলিশ সদস্যকে মারধর করে সুমনকে ছিনিয়ে নেওয়া হয়। পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত দুই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি কবির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।